যশোরে বিএনপির দুগ্রুপে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
যশোরের বাঘারপাড়ায় শুক্রবার বিকেলে পুলিশ ও বিএনপি মনোনীত প্রার্থী ওমর সাদাত গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ টিএম আইয়ুব গ্রুপের ব্যাপক সংঘর্ষে চার পুলিশসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছে।
ওমর সাদাত গ্রুপের সমর্থকরা পাঁচটি মটরসাইকেল, স্থানীয় বিএনপির কার্যালয় ও বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহেরের অফিস পুড়িয়ে দেয়। পুড়িয়ে দেয়া মোটর সাইকেলের একটি বাঘারপাড়া প্রেসক্লাবের সম্পাদক আকরামুজ্জামানের। সংঘর্ষের সময় তিনিও আহত হন।
সন্ধ্যা পর্যন্ত চলা সংঘর্ষ থামাতে যশোর থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়। আটক করা হয়েছে ২৫ জনকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-৪ আসনে চার দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার ওমর সাদাতের সমর্থকরা বাঘাপাড়ার চৌরাস্তায় বিকালে সমাবেশ শুরু করে। মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার টিএম আইয়ুব সমর্থকরা সমাবেশে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ বাধা দেয়।
পুলিশ লাঠিপেটা শুরু করলে আইয়ুব সমর্থকরা ইট ও লাঠিসোটা নিয়ে পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করলেও আইয়ুব সমর্থকদের হামলার মুখে তারা পিছু হটে।
এ সময় পুলিশের আহ্বানে ওমর সাদাত সমর্থকরাও সংঘর্ষে যোগ দেয়। তুমুল সংঘর্ষের সময় ১০/১৫টি বোমার বিস্ফোরণ ঘটায় বিএনপি কর্মীরা।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক নেতা-কর্মীসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে সুলাইমান, শের আলী, হাদিউজ্জামান লিটন, সেলিম, ওবায়দুলের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ঘটনাস্থল থেকে ইসমাইল, বদরউদ্দিন, নূর ইসলাম, রেজুসহ ২৫ জনকে আটক করেছে।
এ ব্যাপারে ব্যারিস্টার ওমর সাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসীরা হামলা করলে স্থানীয় জনতা তাদের বিতাড়িত করে।”
পুলিশের আহ্বানে তার সমর্থকরা আইয়ুব গ্রুপের ওপর হামলা চালিয়েছে এমন অভিযোগ তিনি অস্বীকার করেন।
অন্যদিকে, টিএম আইয়ুব বলেন, “জনবিচ্ছিন্ন একজনকে বিএনপির হাইকমান্ড মনোনয়ন দিয়েছে এটা বাঘারপাড়ার মানুষ মানে না।”
ব্যারিস্টার ওমর সাদাতকে ‘মৌসুমী পাখি’ অভিহিত করে তিনি বলেন, “উড়ে এসে জুড়ে বসা কাউকে জনতা আজ ছাড় দেয়নি, ভবিষ্যতেও দেবে না।”
তিনি পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন।
যশোরের পুলিশ সুপার জহিরুল ইসলাম ভূঁইয়া সংঘর্ষের কথা স্বীকার করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়েছেন।
