২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াজউদ্দিন আন্তরিক হলেই যথাসময়ে নির্বাচন সম্ভব: বি. চৌধুরী

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ আন্তরিক হলেই নির্দিষ্ট সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী শুক্রবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন।

রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সংবাদ সম্মেলন শেষে বি চৌধুরী অপেক্ষমান সাংবাদিকদের আরও বলেন, “রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধানের উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে বর্তমান তফশিল অনুযায়ীই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।”

তিনি বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ইয়াজউদ্দিনকে অবশ্যই মহাজোটের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে।”

এলডিপি সভাপতি বলেন, “প্রতিবাদের প্রতীক হিসেবে আমরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এমন কোনো অবৈধ নির্বাচন মেনে নেব না, যা দেশের জন্য নতুন সংকট ডেকে আনতে পারে।”

অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলেই তারা নির্বাচনে যাবেন।

এরশাদ বলেন, “সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করেই মহাজোট সিদ্ধান্ত নেবে।”

শেখ হাসিনার উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, “পরিস্থিতি সৃষ্টি হলেই আমরা নির্বাচনে যাবো।”

এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, “শেষ পর্যন্ত হয়তো নির্বাচন হবে না।”