সুধা সদনের সামনে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ
বরিশাল-পিরোজপুর যৌথ আসনে মনোনয়ন বঞ্চিত সৈয়দ মনিরুল ইসলাম মনিরের পক্ষে সকাল ১১টা থেকে বানারিপাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের প্রায় দেড় শতাধিক নেতা-কর্মী সুধা সদনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
বানারিপাড়া-স্বরূপকাঠি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ শাহ আলম। অন্যদিকে সৈয়দ মনিরুল ইসলাম মনির ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হন। ২০০৩ সালের ২৬ ফেব্রুয়ারী তিনি আওয়ামী লীগে যোগদান করেন।
বিক্ষোভরত নেতা-কর্মীদের মধ্যে উপন্থিত ছিলেন বানারিপাড়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র শীল, স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ। এ আসনে গত নির্বাচনে বিজয়ী হন চার দলীয় প্রার্থী শহীদুল হক জামাল।
বিকেল ৪ টায় নেত্রকোণা-৩ আসনে অধ্যাপক আজিজুর রহমানের মনোনয়নের দাবিতে অর্ধশতাধিক নেতা-কর্মী সুধা সদনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। আড়পাড়া-কেন্দুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মঞ্জুর কাদের কোরাইশী।
এ আসনে গত দুই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী নুরুল আমিন বিজয়ী হন। তিনি মারা গেলে তার স্ত্রী খাদিজা আমিন উপ নির্বাচনে বিজয়ী হন।
কিশোরগঞ্জ-৪ আসনে ড. মিজানুল হকের মনোনয়নের দাবিতে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী সুধা সদনের বিক্ষোভ প্রদর্শন করেন। করিমগঞ্জ-তারাইল উপজেলার এ আসনে জাতীয় পার্টি থেকে মজিবুল হক চুন্নু মনোনয়ন পেয়েছে।
এ সময় মিজানুল হকের সমর্থকরা চুন্নুকে ঋণখেলাপি চিহ্নিত করে তার মনোনয়ন বাতিলের দাবি জানান।
বিগত নির্বাচনে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ড. মিজানুল হক ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে জয়ী হন।
১৯৮৬ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে মজিবুল হক চুন্নু বিজয়ী হয়েছিলেন।
শেখ হাসিনা ৫ টার দিকে সংবাদ সম্মেলনে যাওয়ার সময় প্রায় আড়াইশ নেতা-কর্মী এ তিন আসনের মনোনয়ন বঞ্চিতদের পক্ষে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
