যশোরে মনোনয়নবঞ্চিত ৪ দলীয় প্রার্থীর সমর্থকদের অবরোধ
যশোর-৪ আসনে মনোনয়ন বঞ্চিত চার দলের প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের পক্ষে দলীয় কর্মীরা বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ৩ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।
এর ফলে যশোর-খুলনা সড়কের বসুন্দিয়ার দুই পাশে কয়েকশ যানবাহন আটকে পড়ে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেলা ১২টার পর থেকে যশোর-৪ আসনের বাঘার পাড়া, অভয়নগর ও বসুন্দিয়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বসুন্দিয়া বাজারে জড়ো হতে থাকে। বেলা ১টা থেকে কয়েক হাজার মানুষ রাজপথ ও রেলপথে অবস্থান নেয়।
এ সময় অনুষ্ঠিত এক সমাবেশে বাঘার পাড়া বিএনপির সম্পাদক আবু তাহের সিদ্দিকী, অভয়নগর বিএনপির সম্পাদক ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া বিএনপির (পৌর) আবু নঈম, সামছুর রহমান, ছাত্রদল নেতা নাজমুল আলম শের প্রমুখ বক্তব্য রাখেন।
খবর পেয়ে যশোর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়।
বেলা ৩ টার দিকে বঞ্চিত নেতা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের অনুরোধে অবরোধকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
উল্লেখ্য যশোর-৪ আসনে প্রথমে টি এস আইয়ুবের মনোনয়নপত্র জমা দেন। কিন্তু ২৬ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে এ আসনে চার দলের পক্ষে ব্যারিস্টার ওমর সাদাতের মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। গত ২৫ ডিসেম্বর থেকেই টি এস আইয়ুব সমর্থকরা অবরোধ, ভাংচুর, বিক্ষোভ সমাবেশ ও হরতালের মতো কর্মসূচি পালন করছে।
