২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জোটেই ক্ষোভ, বিভিন্ন জেলায় হরতাল পালন

প্রার্থী বদলের দাবি এবং এরশাদের মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে চারদলীয় জোট এবং মহাজোটের বিক্ষুব্ধদের ডাকে কয়েকটি জেলা উপজেলায় বৃহস্পতিবার হরতাল পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহত্তর রংপুরসহ উত্তরাঞ্চলের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট এবং সিরাজগঞ্জ ও হবিগঞ্জে হরতাল পালনের খবর পাওয়া গেছে।

এ ছাড়া চাঁদপুর ও কুষ্টিয়ার কয়েকটি উপজেলায় আধাবেলা হরতাল পালিত হয়েছে চারদলীয় জোটের প্রার্থী বদলের দাবিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নীলফামারী প্রতিনিধি জানান, জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণার প্রতিবাদে ভোরে জেলা জাপা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের নেতৃত্বে নীলফামারী স্টেশনে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, পার্বতীপুর থেকে চিলাহাটীগামী একটি লোকাল ট্রেন এবং মহাজোট প্রার্থী শওকত চৌধুরীর নেতৃত্বে সৈয়দপুর স্টেশনে খুলনাগামী রূপসা এক্সপ্রেসসহ অপর একটি লোকাল ট্রেন আটকে দেয় জাতীয় পার্টি নেতা-কর্মীরা। সৈয়দপুরসহ জেলার অপর চার উপজেলায়ও স্বতস্ফুর্ত হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

হরতালে অভ্যন্তরীণ ১৭টি রুটে বাস চলাচল বন্ধ ছিল। জেলা শহরসহ সবকটি উপজেলায় অধিকাংশ দোকানপাটও খোলেনি। ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন পয়েন্টে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে সকালে জাতীয় পার্টির নেতা-কর্মীরা শহরে খণ্ড খণ্ড মিছিল বের করে। বিক্ষুব্ধ সমর্থকরা টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এ ছাড়া হরতালে অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ বন্ধ ছিল। পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনরকম সহিংসতার খবর পাওয়া যায়নি।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জ-৩ আসনের জাপা প্রার্থী এইচ এম এরশাদের মনোনয়ন বাতিলের প্রতিবাদে সকাল ১০টার দিকে জাতীয় পার্টি শহরে মিছিল বের করে। কোনরকম সহিংস ঘটনা ছাড়াই হরতাল পালিত হয়।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর-৩ (মতলব দক্ষিণ ও চাঁদপুর সদরের একাংশ) আসনে বিএনপি প্রার্থী সাবেক সাংসদ জি এম ফজলুল হকের মনোনয়ন পরিবর্তনের দাবিতে অপর মনোনয়ন প্রত্যাশী ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খানের কর্মী-সমর্থকরা মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর উপজেলায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করে। বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। এ ছাড়া দূরপাল্লার যান চলাচলও বন্ধ ছিল।

তবে পুলিশি বাধার কারণে বিভিন্ন পয়েন্টে পিকেটিং করতে পারেনি পিকেটাররা। এদিকে জিএম ফজলুল হকের কর্মী সমর্থকরাও হরতালের বিপক্ষে মিছিল করার খবর পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে কুমারখালী পৌর চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছারের চারদলীয় জোটের মনোনয়নের দাবিতে হরতালে অচল হয়ে পড়ে কুমারখালী। হরতালের সমর্থনে সকাল থেকেই তৎপর ছিল মনোনয়ন বঞ্চিত আনছারের সমর্থকরা। তারা জঙ্গি মিছিলসহ সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমীর কুপপুত্তলিকা দাহ করে তাকে বর্জনের ঘোষণা দেয়।

হরতালের কারণে কোনো দূরপাল্লার যানও চলাচল করেনি।

এদিকে আনছারকে মনোনয়ন দেওয়ার দাবিতে ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।