ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর বিরাসার গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে অনিক (১৭), উজ্বল (১৬), মুসলেম (৩০), আরফুজ (৪০)সহ পাঁচ জনকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিরাসার খেলার মাঠে ক্রিকেট খেলায় দুদলের দুই খেলোয়াড়ের কথা কাটাকাটির জের ধরে স্থানীয় খালেকের দল ও ইয়াছিন মিয়ার দলের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় দুই ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে লোকজন।
খবর পেয়ে সদর থানার ওসি শেখ মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আট রাউন্ড গুলি ও ২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি শেখ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
