বৃহস্পতিবারই শেষ হয়ে গেল নয় শীর্ষ কর্মকর্তার কর্মজীবন
রোববার থেকে সাত সচিব ও দুই অতিরিক্ত সচিব অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাচ্ছেন বলে বৃহস্পতিবারই কার্যত শেষ হয়ে গেল জনপ্রশাসনের এ শীর্ষ কর্মকর্তাদের কর্মজীবন। । এছাড়া আগামী মাসের প্রথমার্ধেই এলপিআরে যাবেন আরো দুই সচিব ও একজন অতিরিক্ত সচিব।
অবশ্য এসব সচিব ও অতিরিক্ত সচিবদের মধ্যে কয়েকজনকে নিজ নিজ কর্মস্থলে রাখার জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য সারসংক্ষেপ তৈরী করে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। ঈদের আগেই এসব নিয়োগ হতে পারে বলে সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ শাখা থেকে জানা গেছে, চলতি মাসেই যেসব সচিব ছুটিতে যাচ্ছেন, তারা হলেন-রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দীন মোহাম্মদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এএফএম সোলায়মান চৌধুরী, আইআরডির সচিব রফিকুল ইসলাম, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ওসমান গণি এবং পরিকল্পনা কমিশনের সদস্য আকরাম হোসেন ও আজিজুল ইসলাম।
দুই অতিরিক্ত সচিব হচ্ছেন-বিআরটিসির চেয়ারম্যান এমএম ইফতেখার ই আলম ও ওএসডি অতিরিক্ত সচিব আব্দুস সামাদ মল্লিক।
এছাড়াও আগামী মাসের প্রথমার্ধেই এলপিআর-এ যাবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব একেএম শামসুদ্দিন, ওএসডি সচিব আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিপোর্টের মহাপরিচালক মেজর (অব.) মোহাম্মদ মাসুদ।
চলতি মাসেই এলপিআর-এ যাবেন এমন সচিব ও অতিরিক্ত সচিবদের ব্যাপারে সংস্থাপন মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রজ্ঞাপন জারী করেছে। আগামী মাসে এলপিআর-এ যাবেন, এমন সচিব ও অতিরিক্ত সচিবদের ব্যাপারে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
