শামীম ওসমানের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে বিএনপি
পাঁচ বছর পর এলাকায় ফিরে গত দু’দিনে আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার ক্যাডার বাহিনীর চালানো কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
জেলার দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, ২৬ ডিসেম্বর শামীম ওসমান নারায়ণগঞ্জে ফেরার রাতেই শহরের চাষড়ায় মুক্তিযুদ্ধের স্মারক ‘বিজয় স্তম্ভ’ ভাংচুর হয়।
জোট সরকারের আমলে নির্মিত ওই স্তম্ভ থেকে উদ্বোধনকারী বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নামফলক তুলে ফেলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নারায়ণগঞ্জে ঢুকেই শামীম ওসমান তার আগের স্টাইলে রাজনীতি শুরু করে দিয়েছেন।
গ্রেপ্তার প্রচেষ্টার গুজব রটিয়ে যানবাহন, দোকান ভাংচুর, রাস্তায় ব্যারিকেড দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
নজিরবিহীন ত্রাস সৃষ্টির মাধ্যমে গত দু’দিন চাষাড়া এলাকার জনজীবন বিপন্ন করে তোলা হয়েছে।
নারায়ণগঞ্জের পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে জেলা বিএনপি।
