নির্বাচনের শুরুতেই হোঁচট জনসংহতি সমিতি’র
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ৩৪ বছর পর ‘প্রদীপ’ মার্কা নিয়ে নির্বাচন করতে গিয়ে হোঁচট খেলো।
সমিতির রাঙামাটি আসনের প্রার্থী ও দলের সহ সভাপতি লক্ষ্মীপ্রসাদ চাকমার মনোনয়ন বুধবার রিটার্নিং কর্মকর্তা ঋণখেলাপের কারণে বাতিল করে দিয়েছেন।
বৃহস্পতিবার থেকে বাতিল হয়ে যাওয়া প্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ে। টানা তিনদিন আবেদন গ্রহণ করার পর সেগুলোর শুনানি হবে।
বৃহস্পতিবার সকালে লক্ষ্মী প্রসাদ চাকমা কমিশন সচিবালয়ে এসে আবেদন করার জন্য সংশ্লিষ্ট শাখায় নিয়ম-কানুন বুঝে নেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, “আমি ঋণ খেলাপি নই। কোনো ব্যাংকে আমার কোনো ঋণ নেই।”
জনসংহতি সমিতির নেতা বলেন, “তবে আমি খোঁজ নিয়ে জেনেছি, ১৯৮১ সালে নানিয়ারচরের লক্ষ্মী চাকমা নামে একজন লক্ষ্মী ট্রেডার্সের পক্ষে পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা ঋণ নিয়েছিলেন।”
নাম বিভ্রাটের কথা উল্লেখ করে সাবেক গেরিলা নেতা বলেন, “আমার নাম তো লক্ষ্মী চাকমা নয়; আমি হচ্ছি লক্ষ্মীপ্রসাদ চাকমা। আমার বাড়ি রাঙামাটি, নানিয়ারচরেও নয়। তাছাড়া ১৯৮১ সালে আমি সাবেক গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর কমান্ডার হিসেবে জঙ্গলে সশস্ত্র সংগ্রামে ছিলাম। সে সময় ব্যাংক ঋণ নেওয়ার প্রশ্নই আসে না। আমি বড় জোর ব্যাংক লুট করতে পারতাম!”
প্রসঙ্গত, ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে জনসংহতি সমিতি রাঙামাটি ছাড়াও বান্দরবান আসনে সমিতির নেতা কে এস মংকে প্রার্থী দিয়েছে। খাগড়াছড়িতে তারা প্রার্থী দেয়নি।
১৯৭৩ সালে জনসংহতি সমিতি ও সাবেক গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা এমএন লারমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম ‘প্রদীপ’ মার্কা নিয়ে সাংসদ নির্বাচিত হন।
১৯৭৪ সাল থেকে গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর সঙ্গে প্রায় দু’দশক সেনা বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ চলে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি। এর পর বিলুপ্তি ঘটে শান্তিবাহিনীর। জনসংহতি সমিতি আবার ফিরে আসে প্রকাশ্য রাজনীতিতে।
শান্তিবাহিনী অস্ত্র জমা দেওয়ার প্রায় এক দশক পর জনসংহতি সমিতি এখন আবার নির্বাচনে অংশ নিচ্ছে।
