২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের সময় দিয়ে শুদ্ধি অভিযান শুরু করবে বিএনপি

বিএনপি দলের বিদ্রোহীদের মনোনয়ন প্রত্যাহারে ৩ জানুয়ারি পর্যন্ত সময় দিয়ে শুদ্ধি অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 07:44 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি একটি বৃহত্তম জনপ্রিয় দল। এখানে একেকটি আসনে ৫/৬ করে প্রার্থী আছেন। তাই পার্লামেন্টারি বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তা অবশ্য মেনে চলতে হবে।

“যদি কেউ বিদ্রোহ করেন, তাহলে বুঝতে হবে তিনি দলের সিদ্ধান্ত মানতে রাজী নন। সেখানে দলীয় শৃঙ্খলা রক্ষায় সাংগঠনিক ব্যবস্থা নিতে হবেই।”

তবে তিনি মনে করেন, বিএনপির নেতা-কর্মীরা সার্বিক অবস্থা বিবেচনা করেই দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্ত মেনে জোট প্রার্থীকে বিজয়ী করতে সবাই এক সঙ্গে নির্বাচনী যুদ্ধে নামবেন।

জানা গেছে, বিএনপি বিদ্রোহী প্রার্থীদের আগামী ৩ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেবে মনোনয়ন প্রত্যাহারে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সে দিনের মধ্যে যারা সরে দাঁড়াবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে একটি তালিকাও করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র আভাস দিয়েছে।