২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচটি আসনে এরশাদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আবেদন

পাঁচটি আসনে জমা দেওয়া জাতীয় পার্টি (জাপা)’র চেয়ারম্যান এইচ এম এরশাদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শুক্রবার নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সাবেক এই রাষ্ট্রপতির পক্ষে আপিল জমা দেন তার আইনজীবী অ্যাডভোকেট কাজী সিরাজুল ইসলাম।

তার জমা দেওয়া ঢাকা-৫, রংপুর-৩, সিলেট-৩, হবিগঞ্জ-৩ ও লালমনিরহাট-৩ আসনের মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তারা। (আরও তথ্যসহ-৩)

আবেদন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশন সচিবালয়ে আরও উপস্থিত ছিলেন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এরশাদের পক্ষের আইনজীবীসহ দলের অন্যান্য নেতারা।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ৩১ ডিসেম্বর থেকে এসব আবেদনের শুনানি শুরু হবে।

অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন। সাড়ে ১১ টার দিকে তিনি এবং রুহুল আমিন হাওলাদার অন্য আইনজীবীদের নিয়ে কমিশন সচিবালয়ের আপিল শাখা থেকে বেরিয়ে আসেন।

এসময় রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, “বিষয়টি রাজনৈতিক। এরশাদের বিষয়ে আমরা কখনও ন্যায়বিচার পাইনি। আমরা ট্রাইব্যুনালে এসেছি। আশা করি এবার ন্যায়বিচার পাবো। বিষয়টি এখন বিচারাধীন আছে। ট্রাইব্যুনাল কী বলে আমরা তার অপেক্ষায় আছি।”

নির্বাচন কমিশন এরশাদকে নির্বাচনে যাওয়ার অনুমতি দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে রিটার্নিং কর্মকর্তারা জাপা চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল করেছেন।”

তিনি আরও বলেন, “আমরা রিটার্নিং কর্মকর্তাদের অবৈধ আদেশের বিরুদ্ধে আবেদন করেছি। সাবেক রাষ্ট্রপতি এরশাদ নির্বাচন করার জন্য সম্পূর্ণ বৈধ প্রার্থী। ইনশাল্লাহ আমরা নির্বাচন কমিশনে ন্যায়বিচার পাবো।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুই বছরের সাজা হয়েছে বলে তিনি নির্বাচন করতে পারবেন না বলে রিটার্নিং কর্মকর্তারা ভুল আদেশ দিয়েছেন।”

তিনি বলেন, “সংবিধানের আইন হলো কোনো ব্যক্তি যদি অনুন্য দুই বছর দণ্ডিত হন তাহলে ওই সাজা খাটার পাঁচ বছর পর্যন্ত তিনি নির্বাচন করতে পারবেন না। কিন্তু এরশাদ জাপানি বোট ক্রয় মামলায় ১৯৯৭ সালে জেল থেকে বের হয়েছেন। তার সাজা ১২ বছর আগে খাটা শেষ হয়ে গেছে। এখন ওনার আর নির্বাচন করতে বাধা নেই।”

তিনি আরও জানান, তারা ওই মামলার বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন। মামলাটি এখন বিচারাধীন। সে কারণে তার নির্বাচন করতে বাধা নেই।

এদিকে পটুয়াখালী-১ আসন থেকে ঋণ খেলাপের অভিযোগে জাতীয় পার্টি (এরশাদ) মহাসচিব রুহুল আমিন হাওলাদারের প্রার্থিতা বাতিল হয়েছে বলে যে প্রচার রয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন তিনি। তিনি একই সঙ্গে বরিশাল-৬ আসনে স্ত্রী নাসরীন জাহান রত্নাও বৈধ প্রার্থী বলে দাবি করেন।

নির্বাচন কমিশন ঋণ খেলাপের অভিযোগে নাসরিন জাহান রত্নার মনোনয়নপত্র বাতিল করেছে। জাতীয় পার্টি মহাসচিব শুক্রবার তার স্ত্রীর পক্ষেও আবেদন করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঋণ খেলাপি নই। আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে প্রচারণা চালানো হয়েছে। একটি গোষ্ঠী, যারা ক্ষমতায় ছিল, ভাবছে আমি তাদের প্রতিপক্ষ। ভোটারদের কাছে আমাকে ছোট করার এটি একটি চক্রান্ত।”

তিনি আরও জানান, “রিটার্নিং কর্মকর্তারা এরই মধ্যে তাকে জানিয়েছেন তার মনোনয়ন পত্র বৈধ।”

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও জানান, স্ত্রীর পক্ষে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) বৈধ ছাড়পত্র জমা দেওয়া হয়েছে আবেদনের কাগজপত্রের সঙ্গে।

এদিকে শিল্পপতি ইউসুফ আবদুল্লাহ হারুনের পক্ষে অ্যাডভোকেট বাসেত মজুমদার ১২টার দিকে আবেদনপত্র জমা দেন। তার আসন কুমিল্লা-৩। তিনি স্বতন্ত্র প্রার্থী।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি লক্ষ্মী প্রসাদ চাকমাও (রাঙামাটি) শুক্রবার আবেদন করেন। তাঁর বিরুদ্ধেও রিটার্নিং কর্মকর্তা ঋণ খেলাপের অভিযোগ এনেছেন। ৩৪ বছর পর সমিতি ‘প্রদীপ’ মার্কা নিয়ে আবার নির্বাচন করছে।

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ৪ হাজার ১৪৬টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে বাতিল হয় ২৬৪টি।

নির্বাচন কমিশন বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করছে। গত দুদিনে (শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত) ৭২টি আপিল জমা পড়েছে।

৩১ ডিসেম্বর, ঈদের দিন ১ জানুয়ারি ও পরদিন ২ জানুয়ারি হবে শুনানি। ৩ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কমিশনের কর্মকর্তারা জানান, ঈদের দিন বিকেলে আপিল আবেদন গ্রহণ করা হবে।