২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহউদ্দিনের কুশপুত্তলিকা দাহ, ঝাড়ু মিছিল

ঢাকা-৪ আসনে (ডেমরা-শ্যামপুর) বিএনপির সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়ায় বৃহস্পতিবার এলাকায় ঝাড়ু ও বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

দুপুর সাড়ে ১২টায় মুক্তাঙ্গনে ডেমরা থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও উলামা দলের একটি অংশ ‘সচেতন নাগরিক কমিটি’র ব্যানারে ঝাড়ু মিছিল করে। এসময় মিছিলকারীদের কয়েকজন কাফনের কাপড় গায়ে জড়িয়ে মহানগর বিএনপির সহ-সভাপতি সালাহউদ্দিন আহমেদের কুশপুত্তলিকা দাহ করে।

মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশে সংগঠনের সহ সভাপতি হাজী খলিলুর রহমান ওই আসনে প্রার্থী পরিবর্তন না করা পর্যন্ত বিক্ষোভ মিছিল চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রার্থী না পাল্টালে সেখানে মহাজোট প্রার্থী বিজয়ী হবেন বলেও বক্তারা দলের হাইকমান্ডকে সতর্ক করে দেন। তারা সালাহউদ্দিন আহমেদকে সন্ত্রাসী, চাঁদাবাজ হিসেবে বর্ণনা করেন।

সমাবেশে ডেমরা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুম দেওয়ান, সহসাধারণ সম্পাদক আবুল হাশেম খান, ডেমরা যুব দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি এহতেশামউদ্দিন নকীব, যাত্রাবাড়ি যুব দলের সহ সভাপতি সামসুদ্দিন আহমেদ, সোহরাব আমীর, যুগ্ম সম্পাদক মাঈনুদ্দিন মাইনু প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমেদের বিদ্রোহী গ্রুপ হিসেবে পরিচিত স্থানীয় বিএনপি দলীয় কমিশনার নবী উল্লাহ নবীর কর্মী-সমর্থকরা এই কর্মসূচি পালন করেন। তারা ইতিমধ্যে হাওয়া ভবনের সামনেও বিক্ষোভ মিছিল করেছেন।