২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জান বাঁচাতে এরশাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে পাঠানোর কথা বলা হয়েছে: ভারপ্রাপ্ত সিইসি

ঢাকা বিভাগীয় কমিশনার ‘নিজের জান বাঁচাতে’ এরশাদের মনোনয়ন পত্র নির্বাচন কমিশন কার্যালয়ে পাঠনোর কথা বলেছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে একথা জানালেন খোদ ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 05:29 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তিনি জোর দিয়ে বললেন, এরশাদে মনোনয়ন বিষয়ে কোনো কাগজপত্র নির্বাচন কমিশনে পাঠানো হয়নি।

ভারপ্রাপ্ত সিইসি বৃহস্পতিবার তার দপ্তরে সাংবাদিকদের বলেন, “বিভাগীয় কমিশনার হয়তো নিজের জান বাঁচানোর জন্য এ কথা বলেছেন। কারণ আমরা এরশাদের কোন কাগজপত্র পাইনি।”

এরশাদের মনোনয়ন পত্র বাতিল প্রসঙ্গে মাহফুজুর রহমান বলেন, “এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আইন অনুসারেই সবকিছু হবে।”

এরশাদের মনোনয়নের বৈধতা নিয়ে নির্বাচন কমিশনে কোন বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে কমিশন কোন বৈঠক করেনি।

যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত এসব প্রার্থীর আপিল কমিশন গ্রহণ করবে বলে জানান তিনি।

৩১ ডিসেম্বর এবং ২ জানুয়ারী আপিলের শুনানি হবে। প্রয়োজনে ১ জানুয়ারী ঈদের দিনেও আপিলের শুনানী হতে পারে বলে জানান মাহফুজুর রহমান।

ব্যাংক থেকে প্রাপ্ত নভেম্বর মাসের তথ্যের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তারা ঋণখেলাপী প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছেন; কিন্তু এরই মধ্যে অনেকে দায়মুক্ত হয়েছেন-যারা এখন আর ঋণ খেলাপী নন। এ বিষয়ে জানতে চাওয়া হলে ভারপ্রাপ্ত সিইসি বলেন, “আপিল করা হলে আমরা বিষয়টি দেখবো।”

এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজোট নেতা আবদুল জলিল এর এ দাবি নিয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত সিইসি কোনো মন্তব্য করতে রাজী হননি।

২২ জানুয়ারি অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা নেওয়া মনোনয়ন পত্রগুলোর মধ্যে ২৬৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে বাতিল ঘোষিত প্রার্থীদের আবেদন নেওযা হবে বলে বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচন কমিশন সচিবালয়ে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। কমিশন সচিবালয়ের প্রধান ফটকে মোতায়েন করা হয়েছে এক প্লাটুন দাঙ্গা পুলিশ। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের পশ্চিম ব্লকের এক নং কে খোলা হয়েছে আপিল গ্রহণের জন্য একটি বিশেষ শাখা।

কমিশন সূত্রে জানা যায়, আপিলকারীদের নথিপত্র এ শাখায় গ্রহণের পর কাগজপত্র পাঠানো হবে কমিশনের আইন শাখায়। নির্বাচন কমিশনের আইন কর্মকর্তারা আপিলকারীদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে তা শুনানির জন্য নির্ধারিত কর্মকর্তাদের কাছে পাঠাবেন।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সারাদেশ থেকে আটটি বাতিল হয়ে যাওয়া মনোনয়ন পত্রের আপিল জমা পড়ে। এর মধ্যে শিল্পপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আলির আপিলটি অন্যতম। ঋণ খেলাপি অভিযোগে নারায়নগঞ্জ-৪ আসনের এই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

বেলা সাড়ে ১২ টার দিকে মোহাম্মাদ আলী নির্বাচন কমিশনে দু’জন আইনজীবীসহ আসেন। কিন্তু সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি কারো সঙ্গে কোনো কথা না বলেই দ্রুত একটি গাড়ি নিয়ে কমিশন থেকে বেরিয়ে যান। পরে তার দু’জন আইনজীবী কমিশনের আইন শাখায় এ সংক্রান্ত আপিল করেন।

এরপরই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা লক্ষ্মী প্রসাদ চাকমা আপিল করার জন্য সংশ্লিষ্ট শাখা গিয়ে নিয়মনীতি বুঝে নেন। রাঙামাটি থেকে সমিতির প্রার্থী এই নেতা জানান, ঋণ খেলাপি অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হলেও তার কোথাও কোনো ঋণ নেই। তিনি লক্ষ্মী চাকমা নামে আরেক ব্যক্তির সঙ্গে তাঁর নামের বিভ্রান্তির কথা উল্লেখ করেন।

প্রার্থী খুঁজে না পেলে প্রতীক বাতিল

নির্বাচন কমিশনের ভিন্ন একটি সূত্র জানায় কমিশন এর মধ্যেই যে ৭৬টি রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক বরাদ্দ করেছে সেসব রাজনৈতিক দলের প্রার্থীদের নাম ও আসন নির্বাচন কমিশন সচিবালয়ে জানাতে বলা হয়েছে।

কমিশন সূত্র মতে যেসব রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ করা হয়েছে তাদের প্রার্থী খুঁজে পাওয়া না গেলে প্রতীক বাতিল করা হবে।

এদিকে ৩৪ বছর পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আবারও প্রদীপ মার্কা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে।