২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের মনোনয়নপত্র বাতিল বেআইনি: জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে বেআইনিভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 05:14 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনার বাড়ি সুধাসদনের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের কাছে আব্দুল জলিল অভিযোগ করেন, “আজ ঢাকায় যুবলীগের এক নেতাকে র‌্যাব ক্রসফায়ারে হত্যা করেছে। এছাড়া গত কয়েকদিনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে একইভাবে হত্যা করা হয়েছে।”

এসব ঘটনা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে তিনি দাবি করেন।

পাঁচটি আসনে এরশাদের মনোনয়ন বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে সেগুলোতে মহাজোট নতুন কাউকে প্রার্থী মনোনীত করবে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “মহাজোট নির্বাচনে গেলে কোনো আসন খালি যাবে না।”

তিনি বলেন, মহাজোটের পরবর্তী করণীয় সম্পর্কে বৃহস্পতিবারই আলোচনা হবে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হোটেল সোনারগাঁও এ মহাজোটের শরিকদের যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এ সম্পর্কে বিস্তারিত জানাবেন।

বিভিন্ন আসনে মহাজোটের একাধিক প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা প্রসঙ্গে জলিল বলেন, “১৪ দল এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি। তালিকা চূড়ান্ত হলেই প্রার্থীদের প্রতীক দেওয়া হবে।”

বৃহস্পতিবার সকাল থেকেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজ দল ও জাতীয় পার্টির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। সকালে সুধাসদনে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুর রাজ্জাক। দুপুর ১টার দিকে যান আব্দুল জলিল।

এর পরপরই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু ও আনিসুল ইসলাম মাহমুদ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এসময় সেখানে উপস্থিত ছিলেন।