চট্টগ্রাম নগর ছাত্রদল সভাপতিকে আটক করেছে সেনা সদস্যরা
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি মোশারফ হোসেন দিপ্তীকে সেনাবাহিনী বুধবার ভোরে হালিশহর এলাকার একটি বাসা থেকে আটক করেছে।
সারা দিন জিজ্ঞাসাবাদ শেষে সেনা সদস্যরা বুধবার সন্ধ্যায় তাকে হালিশহর থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
সেনা সদস্যরা বুধবার ভোর রাতে হালিশহর বি-ব্লকের একটি বাড়ি থেকে মোশারফ হোসেন দিপ্তীকে আটক করে। পরে তাকে স্থানীয় সেনা ক্যাম্পে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়।
হালিশহর ও ডবলমুরিং সার্কেলের সহকারি পুলিশ কমিশনার (এসি) তোফায়েল আহম্মেদ মিয়া দিপ্তীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, “তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”
সেনা সূত্রও তাকে আটক ও জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছে।
