মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের বৃত্তি দেবে ভারত
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেধাবী ও গরিব মুক্তিযোদ্ধা পরিবারের ছেলে-মেয়েদের বৃত্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত। এছাড়া স্বাধীনতা যুদ্ধের ওপর একটি যৌথ গবেষণা কাজেও আগ্রহী দেশটি।
ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার সর্বজিৎ চক্রবর্তী বুধবার সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে উপদেষ্টা ধীরাজ কুমার নাথের সঙ্গে দেখা করে এ সব প্রস্তাব দেন।
ধীরাজ কুমার নাথ সাংবাদিকদের বলেন, “মেধাবী ও দরিদ্র মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার। এ ছাড়া মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনা, ছবি ও নানা ধরণের তথ্য ভারত সরকারের কাছে সংরক্ষিত আছে বলে তিনি আমাকে জানিয়েছেন।”
ভারত সরকারের আর্থিক সহযোগিতায় স্বাধীনতা যুদ্ধের ওপর একটি যৌথ গবেষণা কাজ করার প্রস্তাব দিয়েছেন সর্বজিৎ চক্রবর্তী।
তিনি জানান, ধানমন্ডি দুই নম্বর সড়ক এলাকায় ভারতীয় হাই কমিশন অফিসের জন্য একটি স্থায়ী জমি বরাদ্দের অনুরোধ করেছেন ভারপ্রাপ্ত হাই কমিশনার। ভারত বরাদ্দ করা জায়গাটি কিনে নেবে।
ভারতের দেওয়া প্রস্তাবগুলো সুনির্দিষ্টভাবে তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ দিয়েছেন উপদেষ্টা ধীরাজ।
