২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপত্র বাতিলের তালিকায় প্রভাবশালীরা

মনোনয়নপত্র বাছাইয়ের দিন বুধবার কয়েকজন প্রভাবশালী ও শীর্ষ রাজনীতিকের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 10:32 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

জমা পড়া ৪১৪৬টি মনোনয়নপত্রের মধ্যে বাতিল হয়েছে ২৬৪টি। এর মধ্যে ঋণ খেলাপি হওয়ায় বাতিল হয় ১৯৪টি মনোনয়ন।

জাপানি নৌযান ক্রয় মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এখনো আপিল না করতে পারায় আইনি জটিলতার কারণ দেখিয়ে পাঁচটি আসনে দাখিল করা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ আসনগুলো হলো ঢাকা-৫, রংপুর-৩, লালমনিরহাট-৩, সিলেট-৩ ও হবিগঞ্জ-৩।

উল্লেখ্য ১৯৭২ সালে প্রণীত গণপ্রতিনিধিত্বমূলক আদেশ অনুযায়ী দুর্নীতির কারণে কোনো প্রার্থীর একটি আসনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে অন্যগুলোরও একই পরিণতি হয়।

প্রস্তাবক ও সমর্থকের নামের সঙ্গে ভোটার তালিকার নামের মিল না থাকায় ঢাকা-৫ আসনে এরশাদের সাবেক স্ত্রী বিদিশার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

খেলাপি ঋণের কারণে কুমিল্লা-৩ আসনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার।

পটুয়াখালী-২ আসনের প্রার্থী জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মনোনয়নও বাতিল হয়ে গেছে।

একই কারণে কিশোরঞ্জ-২ (কটিয়াদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী বহুল আলোচিত বিএনপির সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামান, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সাবেক সাংসদ মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ-৪ আসনে একই দলের এসএম আকরাম হোসেন, মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের বেনজির আহমেদের মনোনয়নপত্রও বাতিল হয়ে যায়।

ফ্যাক্সে মনোনয়নপত্র পাঠানোর কারণে বরিশাল-২ আসনে আলোচিত-সমালোচিত স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক অভির মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

এছাড়া, কুড়িগ্রাম-৪ আসনে জাপা থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া সাবেক মন্ত্রী মাইদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্রে তার স্বাক্ষর ছিলো না বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

এদিকে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার জানিয়েছেন, ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর বাতিল হওয়া মনোনয়নপত্রের বিষয়ে আপিল গ্রহণ করা হবে। এর পর ৩১ ডিসেম্বর ও ২ জানুয়ারি শুনানি হবে।

তিনি বলেন, “ঈদের কারণে ১ জানুয়ারি নির্বাচন কমিশনের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপিলের সংখ্যা বেশি হলে ওই দিনও শুনানি হবে।”

বুধবার রাত সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া সাংবাদিকদের বলেন, “মনোনয়নপত্র বাতিলের বিষয়ে ৬৮ জন রিটার্নিং অফিসারের কাছ থেকে টেলিফোনে তথ্য পাওয়া গেছে বলে এর যথার্থতা সম্পর্কে আমরা ১০০ ভাগ নিশ্চিত হতে পারিনি।”

তিনি বলেন, “আগামী তিন দিন আপিলের পর পর যে সব মনোনয়নপত্র গ্রহণ করা হবে সেগুলো আমরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে দেব। রিটার্নিং অফিসাররা এর পর সেগুলোকে বৈধ মনোনয়ন পত্র হিসাবে স্বীকৃতি দেবেন।”

নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মঙ্গলবার পর্যন্ত সারা দেশে মোট ৪১৪৬ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বুধবার বাতিল করা হয়েছে ২৬৪টি। বাতিল মনোনয়নপত্রের মধ্যে ঢাকা বিভাগের ৯৩টি, রাজশাহীতে ৪৯, খুলনায় ২১, বরিশালে ৩০, সিলেটে ১৭ ও চট্টগ্রামের ৫৪টি।