২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র উদ্ধার অভিযানের গতিতে দুই উপদেষ্টার অসন্তোষ

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের গতিতে অসন্তোষ প্রকাশ করেছেন আইনশৃংখলা বিষয়ক কমিটি সংশ্লিষ্ট দু’জন উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার পর উপদেষ্টা আজিজুল হক ও রুহুল আলম চৌধুরী অপেক্ষমান সাংবাদিকদের জানান, সার্বিক পরিস্থিতিতে তারা খুশি নন।

আজিজুল হক বলেন, “নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান মোটেও সন্তোষজনক নয়। ফলে র‌্যাব ছাড়া অন্য সব বাহিনীকে এখন অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে আরও উদ্যোগী হতে তাগিদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের সতর্কও করা হয়েছে।”

তিনি আরও বলেন,“র‌্যাব অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের কর্মকাণ্ড সন্তোষজনক।”

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজনীতিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে ১শ’ ৯৫ জনের জন্য ২শ’ ৭৫ জন গানম্যান দেওয়া হয়েছে। আরও ২০ জনকে গানম্যান দেওয়ার বিষয়টি বিবেচনধীন।

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সেনাবাহিনী ব্যবহার করা হবে কি না-এই প্রশ্নের জবাবে রুহুল আলম বলেন, “সেনাবাহিনী আগেই মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে তাদেরকেও কাজে লাগানো হবে।”

সন্ত্রাসীদের গ্রেপ্তারের ক্ষেত্রে বিগত সরকারের করা তালিকাই ব্যবহার করা হচ্ছে কি না-প্রশ্নের জবাবে আজিজুল হক বলেন, “সেটা এখন পুরনো হয়ে গেছে। নতুনভাবে তালিকাটি সংশোধন করা হচ্ছে। তার ভিত্তিতেই অভিযান চালানো হবে। তবে শীর্ষ সন্ত্রাসী যারা দেশের বাইরে অবস্থান করছে, তারা ফিরলেই গ্রেপ্তার করা হবে।”

বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত এই বৈঠক চলে।

এতে উপদেষ্টা ও কমিটির সদস্য এম আজিজুল হক, মেজর জে. (অব.) রুহুল আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, র‌্যাবের পরিচালক এস এম মিজানুর রহমান, পুলিশের আই জি খোদা বক্স চৌধুরী, বিডিআর, আনসার, কোস্ট গার্ডের পরিচালকসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।