২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জেলায় যাদের মনোনয়নপত্র বাতিল হলো

খেলাপি ঋণ এবং অন্যান্য কারণে দেশের বিভিন্ন নির্বাচনী আসনে প্রার্থীদের অনেকের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

চট্টগ্রাম: বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে আটজন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে খেলাপি ঋণ রয়েছে বলে প্রমাণ থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। এরা হলেন, চট্টগ্রাম-৮ (ডবলমুরিং) আসনে এলডিপি চট্টগ্রাম মহানগর আহবায়ক একরামুল করিম এবং ইন্দু নন্দন দত্ত, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে মোহাম্মদ আলমগীর ও হাজী ইলিয়াস চৌধুরী, চট্টগ্রাম-৪ (ফটিকছড়ি) আসনে সৈয়দ আহমদ রহিম, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেকুন নূর শিকদার মোহাম্মদ মামুন শিকদার, চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) আসনে আব্দুল খালেক। একই কারণে নগরীর বাইরের ১২ টির মধ্যে চার আসনের ছয়জনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে বলে জানান জেলা নির্বাচন (৪) কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম।

কিশোরগঞ্জ: খেলাপি ঋণের কারণে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন কিশোরঞ্জ-২ (কটিয়াদী) আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিলকারী বহুল আলোচিত সাবেক বিএনপি সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন এবং কিশোরগঞ্জ-১ (পাকুন্দিয়া-হোসেনপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইদ্রিছ আলী ভূইয়া, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিদারুল হক ও স্বতন্ত্র আবু বক্কর ছিদ্দিক।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার তিনটি আসনে পাঁচজনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির শামীম কবীর হেলিম, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে বিএনপির বাইরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী লোকমান হাকিম ও মনিরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে ঋণ খেলাপি হওয়ার জন্য বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম প্রামানিক। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জাতীয় পার্টির নজরুল ইসলাম সোনার মনোনয়ন পত্র বাতিল হয়েছে ভোটার তালিকার দুই জায়গায় তার নাম থাকার জন্য।

চাঁদপুর: চাঁদপুরে খেলাপি ঋণের দায়ে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর) আসনের মো. আতিক উল্লাহ. চাঁদপুর-৩ (মতলব দক্ষিণ ও সদরের একাংশ) আসনের মো. সবুর খান, চাঁদুপর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের প্রিন্সিপাল শফিক আহম্মেদ ভূঁইয়া, চাঁদপুর-৬ (ফরিদগঞ্জ) আসনের মো. মান্নান জমাদার, মো. আব্দুল মালেক, মুছলিম মিয়া এবং মিজানুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া: ঋণ খেলাপীর জন্যে দুই জন এবং সরকারি সুবিধা ভোগ করে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে একজনের মনোনয়ন পত্র বাতিল করা হয়।

বুধবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাইকালে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অবদুল হালিম এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হুমায়ূন কবীরের মনোনয়নপত্র ঋণ খেলাপীর জন্যে বাতিল করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের প্রার্থী জেলা বিএনপির বিএনপির সহ-সভাপতি সফিকুল ইসলামের মনোনয়ন পাবলিক প্রসিকিউটর (পিপি) হওয়ার কারণে বাতিল করা হয়।