রাজনৈতিক উদ্দেশ্যে র্যাবকে ব্যবহারের অভিযোগ করলেন সাঈদ খোকন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে (র্যাব) রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ নেতা ও ঢাকা-৪ আসনে মহাজোটের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে খোকন বলেন, র্যাব এ ধরনের তৎপরতা বন্ধ না করলে হরতাল ও অবরোধসহ কঠোর আন্দোলনে যাবেন তিনি।
সাঈদ খোকন অভিযোগ করেন, গত মঙ্গলবার র্যাঙ্কিন স্ট্রিট থেকে তার কর্মী রিয়াজ উদ্দিন হ্যাপিকে র্যাব সদস্যরা ধরে নিয়ে নির্মম নির্যাতন চালায় এবং পরে সূত্রাপুর থানায় হস্তান্তর করে। তারা বুধবার দুপুরে নয়াবাজার থেকে ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সুলতান ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক সম্পাদক সাইজুদ্দিন সাজুকে ধরে নিয়ে গেছে। এদের খোঁজ এখনও পাওয়া যায়নি।
তার অভিযোগ, নেতা-কর্মীদের মনে ভীতি সঞ্চার করার জন্য র্যাব এ ধরনের কাজ করে যাচ্ছে।
সুত্রাপুর থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা মনির হোসেন এ ব্যাপারে কিছু বলতে পারেননি।
এ ব্যাপারে র্যাবের জনসংযোগ শাখার পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, অভিযোগটি সত্য কি মিথ্যা তা খতিয়ে দেখার জন্য সাঈদ খোকনের সংবাদ সম্মেলনের পরপরই বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে র্যাব।
র্যাব-১০ এর দেওয়া তথ্যের বরাত দিয়ে তিনি এ সময় অবশ্য জানান যে, রিয়াজ উদ্দিন হ্যাপী এবং মাসুদ হাসান নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়েছিল চাঁদাবাজির অভিযোগে। তবে মোহাম্মদ সুলতান ও সাইজুদ্দিন সাজুর ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
