২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের মনোনয়নপত্র বাতিল, প্রতিবাদে উত্তরাঞ্চলে হরতাল

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। পাঁচটি আসনে জমা দেওয়া মনোনয়ন পত্র বাতিলের এ নির্দেশ প্রত্যাহার না করা হলে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এরশাদের মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে বুধবার রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা ও লালমনিরহাটে সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে জাতীয় পার্টি। হবিগঞ্জেও দলের পক্ষ থেকে অর্ধ দিবস হরতাল ডাকা হয়েছে।

জাতীয় পার্টি মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেছেন, “আগামীকাল (বৃহস্পতিবার) আমরা ট্রাইব্যুনালে যাব। নির্বাচন কমিশনে আমরা এর বিরুদ্ধে আপিল করব।”

বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে ঢাকা-৫, রংপুর-৩, লালমনিরহাট-৩, সিলেট-৩, হবিগঞ্জ-৩ আসনে এরশাদের দাখিল করা সবগুলো মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

জাপানি নৌযান ক্রয় সংক্রান্ত মামলায় হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করতে এরশাদের আবেদন আপিল বিভাগ নাকচ করে দেওয়ায় আইনি জটিলতার কারণ দেখিয়ে মনোনয়নপত্রগুলো বাতিল করে দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

বুধবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা এরশাদের মনোনয়নপত্রটি বৈধ নয় বলে জানান। এসময় এরশাদের আইনজীবী এবং সমর্থকেরা উত্তেজিত হয়ে পড়লে মনোনয়নপত্রটি নির্বাচন কমিশন কার্যালয়ে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

রিটানিং কর্মকর্তার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন আইনজীবী এবং আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা এ কাজকে রিটার্নি অফিসারের এখতিয়ারবহির্ভুত হিসাবেও মন্তব্য করেছেন।

ড. শাহ দীন মালিক বলেন, “রিটানির্ং কর্মকর্তা কাজটি ঠিক করেননি। তাকে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করতে হবে। এ দুটির কিছু না করা তার এক্তিয়ার বহির্ভুত। বাতিল করলে যার মনোনয়ন বাতিল করা হয়েছে তিনি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন এবং তাকে আপিল শুনানির সুযোগ দিতে হবে। শুনানির সময় নির্বাচন কমিশন প্রয়োজনবোধে আইন উপদেষ্টা নিয়োগ করতে পারবে।”

শাহ দীন মালিক আরো বলেন, “আপিল শুনানির সুযোগ না দিয়ে নির্বাচন কমিশনের নিজ উদ্যোগে এ বিষয়টি আইন মন্ত্রণালয় অথবা সরকারের আইন উপদেষ্টাদের কাছে পাঠানোর কোনো এখতিয়ার নেই। আমার মনে হচ্ছে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন কর্মকতা এবং রিটার্নিং কর্মকর্তার গণপ্রতিনিধিত্ব আদেশ বিধানাবলী সম্পর্কে সম্যক ধারণা নেই।”

অন্যদিকে, নামপ্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণপ্রতিনিধিত্ব আদেশের ১৪ নম্বর অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ ৪ অনুসারে মনোনয়নপত্র চূড়ান্ত করার ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাকেই সিদ্ধান্ত দিতে হবে। তাকেই বলতে হবে ওই মনোনয়ন বৈধ না অবৈধ। এর পরে সংক্ষুব্ধ ব্যক্তি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন। মনোনয়ন পত্রের বৈধতা সম্পর্কে কিছু না বলে তা নির্বাচন কমিশনে পাঠানোর কোনো সুযোগ নেই।”

রুহুল আমীন হাওলাদার অভিযোগ করেন, “চার দলীয় জোটে না যাওয়ার কারণেই এরশাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”

বুধবার সকালে ঢাকা-৫ আসনে এরশাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা গ্রহণ না করার পর দুপুর আড়াইটার দিকে জাতীয় পার্টি নেতা কাজী জাফর আহমদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলুসহ ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমানের সঙ্গে দেখা করেন।

সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের প্রার্থিতা বাতিল হয়েছে কী না এ প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, “ওনার প্রার্থিতা বাতিল হওয়ার কোন খবর আসেনি।”

এরশাদ নির্বাচনে অংশ নিতে পারবে কী-না-এ প্রশ্নের জবাবে তিনি নির্বাচন কমিশন সচিবকে উদ্ধৃত করে বলেন, “ তিনি বলেছেন এ বিষয়ে কোনো খবর আসেনি।”

তিনি আরো জানান, এরশাদের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আদালত নিষেধাজ্ঞা জারি করলে মহাজোটের সিদ্ধান্ত অনুসারেই জাতীয় পার্টি ব্যবস্থা নেবে।

আদালত এরশাদের নির্বাচনে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কী না-এর জবাবে তিনি বলেন, “সব কিছু জানার পর আমরা সবাই বসে সিদ্ধান্ত নিব।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের নেতার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একের পর এক অন্যায় করা হচ্ছে। এজন্য জাপা নেতাকর্মীরা ক্ষুব্ধ।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাপা চেয়ারম্যান এরশাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট ধারণা পেতে কমিশনের কর্মকর্তারা দুপুরে এ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করতে হাইকোর্টে যান।

এরশাদের মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বিকেলে সাংবাদিকদের বলেন, “এটি সম্পূর্ণ রিটার্নিং অফিসারের বিষয়। কমিশনের বিষয় নয়। মনোনয়ন বাতিল করা হলে তিনি আপিল করতে পারেন।”

এর আগে বিকেল ৪টার দিকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এরশাদের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে সাংবাদিকদের জানান, এ সংক্রান্ত কাগজপত্র আসলে তখন তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।