২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলের বিবৃতি প্রত্যাখ্যান নির্মূল কমিটির

খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের ৫ দফা চুক্তি বিষয়ে ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিলের দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। তারা চুক্তিটি অবিলম্বে প্রত্যাহারেরও দাবি তুলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বুধবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় নেওয়া প্রস্তাবে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সমঝোতা স্মারক প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে এতে নেওয়া প্রস্তাবে আরও বলা হয়েছে, চুক্তিটি দেশের সংবিধান ও জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সনদের পরিপন্থী। আবদুল জলিল এর স্বপক্ষে যত সাফাই দিন না কেনো এই পাঁচ দফা ছয় বছর আগে উচ্চ আদালতের রায়ে অবৈধ ঘোষিত ফতোয়াকে বৈধতা দেওয়ার সামিল। এটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অন্তরায়।

আরেক প্রস্তাবে আসন্ন নির্বাচনে একাত্তরের যুদ্ধাপরাধী, রাজাকার, জঙ্গি-মৌলবাদী শক্তিকে পরাজিত করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন শিল্পী হাশেম খান, কথাশিল্পী ডা. আনোয়ারা সৈয়দ হক, অধ্যাপিকা মাহফুজা খানম, স্থপতি রবিউল হুসাইন, শিল্পী রফিকুন নবী, অধ্যাপক মুনতাসির মামুন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শ্যামলী নাসরিন চৌধুরী, আরমা দত্ত, সালমা হক, কাজী মুকুল, শামীম আখতার প্রমুখ।