২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো তারা নির্বাচন বানচালের অজুহাত খুঁজছে: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া আওয়ামী লীগকে দায়ী করে বলেছেন, এখনো তারা নির্বাচন বানচালের অজুহাত খুঁজছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

নরসিংদীর শিবপুরের কামরাবো বাজার মাঠে বুধবার বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে তিনি বলেন, “গত পাঁচ বছর তারা জনগণের জন্য কোনো কাজ করেনি। ক্ষমতায় থাকাকালেও কোনো উন্নয়ন করেনি। তাই তারা জানে নির্বাচনে জেতার সুযোগ তাদের নেই। এ জন্য তারা এখন নির্বাচন বানচালের অজুহাত খঁজছে।’’

তিনি এ ব্যাপারে জনগনকে সজাগ থাকার আহবান জানান।

বিএনপির জয়নগর ইউনিয়ন সভাপতি চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, আবুল হারিস রিকাবদার, সাবেক ছাত্রনেতা আবদুল মালেক, আরিফুল ইসলাম মৃধা, থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল লতিফ, রশিদ মোল্ল¬া, শহীদুল ইসলাম ভূঁইয়া ও আজমল হুদা মিঠু।

আওয়ামী লীগের কর্মকান্ডের সমালোচনা করে তিনি বলেন, গত একমাস ধরে ১৪ দল আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে অর্থনীতিকে পঙ্গু করেছে, মানুষ খুন করেছে, বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তাদের এসব কর্মকান্ডের জন্য বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

মান্নান ভূঁইয়া আওয়ামী লীগের প্রতি জনপ্রিয়তা যাচাইয়ের আহবান জানিয়ে বলেন, নির্বাচনে প্রমান হবে কে ক্ষমতায় যাবে, কারা জনপ্রিয়। জনগণ যদি আপনাদের ভোট দেয় তাহলে এতো ভয় পাচ্ছেন কেনো ?

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, চার দলীয় জোট সরকার ব্যাপক উন্নয়ন করেছে। আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। আওয়ামী লীগ সহযোগিতা করলে আরো উন্নয়ন হতো। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো চার দলকে বিজয়ী করার আহবান জানান।

এর আগে বেলা ১১টা থেকে মান্নান ভূঁইয়া তাঁর নির্বাচনী এলাকা শিবপুর উপজেলার গাবতলী ও কামারটেক-এ টানা পাঁচ ঘন্টা গণসংযোগ ও কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। প্রতিটি পথসভায় তিনি আবারো জনগণের সেবা করার সুযোগ দেয়ার আহবান জানান।

মান্নান ভূঁইয়া নরসিংদী-১ (সদর) ও নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে ভোটে দাঁড়িয়েছেন।

বুধবার তাঁর সমর্থনে জেলা সদরে বিশাল নির্বাচনী মিছিল বের করে বিএনপি। এতে সাবেক মহিলা সাংসদ রোকেয়া আহমেদ লাকী, মিয়া মোহাম্মদ সেলিম, বিজি রশিদ নওশের, দ্বীন মোহাম্মদ দীপু, বোরহান উদ্দিন রোকন, হারুনুর রশিদ হারুন প্রমূখ নেতারা অংশ নেন।