ঢাকা-৫ আসনে এরশাদের মনোনয়নপত্র গৃহীত হয়নি, হবিগঞ্জ-৩ এ বাতিল
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে ঢাকা-৫ আসনে দাখিল করা মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং অফিসার, বাতিল করা হয়েছে হবিগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র ।
বুধবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার এরশাদের মনোনয়নপত্রটি বৈধ নয় বলে জানান।
এসময় এরশাদের আইনজীবী এবং সমর্থকেরা উত্তেজিত হয়ে পড়লে মনোনয়নপত্রটি নির্বাচন কমিশন কার্যালয়ে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
নামপ্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের ১৪ নম্বর অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ ৪ অনুসারে মনোনয়নপত্র চূড়ান্ত করার ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাকেই সিদ্ধান্ত দিতে হবে। তাকেই বলতে হবে ওই মনোনয়ন বৈধ না অবৈধ। এর পরে সংক্ষুব্ধ ব্যক্তি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন। মনোনয়ন পত্রের বৈধতা সম্পর্কে কিছু না বলে তা নির্বাচন কমিশনে পাঠানোর কোনো সুযোগ নেই।
ড. শাহ দীন মালিক বলেন, রিটার্নিং কর্মকর্তা কাজটি ঠিক করেননি। তাকে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করতে হবে। এ দুটার কিছু না করা তার এক্তিয়ার বহির্ভুত। বাতিল করলে যার মনোনয়ন বাতিল করেছে সে নি.ক. আপিল করতে পারবে এবং আপিল শুনানির সুযোগ দিতে হবে। শুনানির সময় নির্বচন কমিশন প্রয়োজন বোধে আইন উপদেষ্টা নিয়োগ করতে পারে। কিন্তু আপিল শুনানির সুযোগ না দিয়ে নির্বাচন কমিশন স্বউদ্যেঅগে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে অথবা সরকারের আইন উপদেষ্টাদের কাছে পাঠানোর কোনো এক্তিয়ার নেই। আমার কাছে মনে হচ্ছে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন কর্মকতা এবং রিটার্নিং কর্মকর্তা গণপ্রতিনিধিত্ব আদেশ বিধানাবলী সমপর্কে সম্যক ধারণা নাই। না থাকার কোনো কারণা নেই।
এদিকে বিকাল ৫টা ১০ মিনিটে হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আতাউর রহমান হবিগঞ্জ-৩ আসনে এরশাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। জাপানি নৌযান ক্রয় মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এখনো আপিল না করায় আইনি জটিলতার কারণে মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে বলে তিনি জানান।
সকালে ঢাকা-৫ আসনে এরশাদের মনোনয়নপত্র রিটার্নি অফিসার গ্রহণ না করার পর দুপুর আড়াইটার দিকে জাতীয় পার্টি নেতা কাজী জাফর আহমদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলুসহ ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমানের সঙ্গে দেখা করেন।
সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের প্রার্থিতা বাতিল হয়েছে কী না এ প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, “ওনার প্রার্থিতা বাতিল হওয়ার কোন খবর আসেনি।”
এরশাদ নির্বাচনে অংশ নিতে পারবে কী-না-এ প্রশ্নের জবাবে তিনি নির্বাচন কমিশন সচিবকে উদ্ধৃত করে বলেন, “ তিনি বলেছেন এ বিষয়ে কোন খবর আসেনি।”
তিনি আরো জানান, এরশাদের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আদালত নিষেধাজ্ঞা জারি করলে মহাজোটের সিদ্ধান্ত অনুসারেই জাতীয় পার্টি ব্যবস্থা নেবে। এসময় কাজী জাফরের সঙ্গে উপস্থিত ছিলেন।
আদালত এরশাদের নির্বাচনে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কী না-এর জবাবে তিনি বলেন, “সব কিছু জানার পর আমরা সবাই বসে সিদ্ধান্ত নিব।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের নেতার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একের পর এক অন্যায় করা হচ্ছে। এজন্য জাপা নেতাকর্মীরা ক্ষুব্ধ।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাপা চেয়ারম্যান এরশাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট ধারণা পেতে কমিশনের কর্মকর্তারা দুপুরে এ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করতে হাইকোর্টে যান।
এরশাদের মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বিকেলে সাংবাদিকদের বলেন, “এটি সম্পূর্ণ রিটার্নিং অফিসারের বিষয়। কমিশনের বিষয় নয়। মনোনয়ন বাতিল করা হলে তিনি আপিল করতে পারেন।”
এর আগে বিকেল ৪টার দিকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এরশাদের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে সাংবাদিকদের জানান, এ সংক্রান্ত কাগজপত্র আসলে তখন তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
