নির্বাচনে ২ লাখেরও বেশি নিরাপত্তা বাহিনী সক্রিয় থাকবে
এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৩৫ হাজার ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই লাখেরও বেশি সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া সেনাবাহিনীর সদস্যরা সেখানে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।
সভা শেষে দুপুর দেড়টায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার তার কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য বৈঠকে তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েছেন।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবধরনের সাহায্য করবে বলে জানিয়েছে।
সাংবাদিকদের ভারপ্রাপ্ত সিইসি জানান, প্রতিটি নির্বাচনের আগেই এরকম একটি প্রস্তুতি সভা হয়। বুধবার সেরকম বৈঠকই অনুষ্ঠিত হলো।
এ সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোন বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে কিনা-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন কোনো নির্দেশনা নেই। ’৯১ এর পর থেকে নির্বাচনগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যা করেছে এবারও তারা তাই করবে।
’৯১ এর নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের অনেক পরে নামানো হয়েছিল। এবার কেন এত আগে নামানো হলো-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন,“সেনাবাহিনীকে তো আমরা ডাকিনি। এ প্রশ্ন মহামান্য রাষ্ট্রপতিকে করুন।” সেনাবাহিনী রুটিনমত কাজ করবে বলেও তিনি জানান।
সব দল যখন নির্বাচনে নেমে গেছে, মনোনয়নপত্র জমা দিয়েছে তখন সুষ্ঠু নির্বাচন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এরশাদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা-এ প্রশ্নের উত্তরে মাহফুজুর রহমান জানান, তার মামলার নথিপত্র এলে সিদ্ধান্ত নেওয়া হবে এ ব্যাপারে।
নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সে প্রসঙ্গে তিনি বলেন, ঠুনকো কথা নিয়ে এরকম ঘটনা যাতে না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি বলেছেন।
বৈঠক শেষে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,“আমরা তো ইতোমধ্যেই মাঠে আছি। নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবেই আমরা কাজ করব।”
র্যাবের পরিচালক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, নির্বাচনে র্যাব মোতায়েনের বিষয়টি চূড়ান্ত হয়নি। নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য সভায় সবাই অঙ্গীকারবদ্ধ হয়েছেন বলেও তিনি জানান।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বুধবার থেকে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে বেশকিছু মনোনয়নপত্র বাতিলও করা হয়েছে। মঙ্গলবার সারাদেশে ৩০০ আসনে ৪ হাজার ১৪৬ টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৮টি মনোনয়নপত্র জমা পড়ে ঢাকা-৬ আসনে। আর সর্বনিম্ন চারটি করে মনোনয়নপত্র জমা পড়ে চট্টগ্রাম-৭ এবং নারায়ণগঞ্জ-২ আসনে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন তিন নির্বাচন কমিশনার মাহমুদ হাসান মনসুর, মোদাব্বির হোসেন চৌধুরী ও মো. সাইফুল ইসলাম, নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা, পুলিশের মহাপরিদর্শক, র্যাব, বিডিআর ও কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালকরা এবং মন্ত্রীপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ বেশ কয়েকজন সচিব।
বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব আবুদর রশীদ সরকার জানান, নির্বাচনের ১০ দিন আগে থেকে নির্বাচনের সাতদিন পর পর্যন্ত মোট ১৭ দিন সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।
যেকোনো ধরনের সহিংসতা এড়াতে এবার গতবারের চেয়ে বেশি সময় সেনাবাহিনী মোতায়েন রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, এর আগের নির্বাচনের সময় র্যাব গঠিত হয়নি। তাই তাদের মোতায়েন করা হয়নি।
নির্বাচন কমিশন সচিব আরও জানান, সকালে আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতি সভায় এবারের নির্বাচনে ভোট গ্রহণের দিনকে কেন্দ্র করে ৩০ থেকে ৪০ ঘন্টা মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার বিষয়েও আলোচনা হয়েছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য প্রতিবার সংসদ নির্বাচনে সময়ই ২৪ ঘন্টা মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ রাখা হয়।
