প্রার্থীদের আট তথ্য দিতে বাধ্য করতে আদালতে আবেদন
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত আট তথ্য নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা নিশ্চিত করতে মঙ্গলবার আদালতে আবেদন জানানো হয়েছে।
আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ১০ জানুয়ারি শুনানি হবে।
মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চের চেম্বার জজ মো. জয়নুল আবেদীনের আদালত শুনানির এ তারিখ ঠিক করেন।
গত ১৯ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার জজ নির্বাচনে প্রার্থীদের আয় ও সম্পদের হিসাবসহ ব্যক্তিগত আট ধরণের তথ্য নির্বাচন কমিশনে জমা দেওয়ার ব্যাপারে হাইকোর্টের নির্দেশ তিন মাসের জন্য স্থগিত করেন।
রিটকারী আইনজীবী আবদুল মোমেন চৌধুরী, কে এম জাবির ও মো: জহিরুল ইসলাম এ আদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, মামলার প্রতিপক্ষ রিটকারী পক্ষকে কোনো কপি না দিয়ে এবং না জানিয়ে অবকাশকালীন চেম্বার জজের আদালতের সঙ্গে প্রতারণা করে স্থগিতাদেশ নিয়ে নিয়েছেন।
এর আগে তারা চেম্বার জজের আদালতে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে ব্যর্থ হন। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ এ মামলায় লিভ মঞ্জুরের সময়ও হাইকোর্টের রায় স্থগিত করা হয়নি।
রিটকারী আবদুল মোমেন চৌধুরী সাংবাদিকদের বলেন, “সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে আমাদের না জানিয়ে সবকিছু গোপন রেখে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ নেওয়ার মাধ্যমে আদালতের সঙ্গে প্রতারণা করা হয়েছে।”
আইনজীবী জহিরুল ইসলাম বলেন, “আপিলকারী বলেছেন, তিনি অষ্টম শ্রেণী পাস। হাইকোর্টের রায়ের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। তার এ যুক্তি সঠিক নয়। রায়ে কেবল প্রার্থীর ব্যক্তিগত তথ্য জানানোর কথা বলা হয়েছে। কাউকে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য করা হয়নি।”
২০০৫ সালের ২৪ মে আবদুল মোমেন চৌধুরীসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা এক জনস্বার্থ রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে প্রার্থীদের কাছ থেকে আট বিষয়ে তথ্যসহ হলফনামা নেওয়ার নির্দেশ দেন।
ব্যক্তিগত আট তথ্যের মধ্যে ছিল: প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি মামলার বিবরণ, পেশা বা জীবিকা, আয়ের উৎস, আগে সংসদ সদস্য ছিলেন কি না, প্রার্থী ও তার পোষ্যদের সম্পদ-দায়দেনা, ব্যাংক ঋণের বিবরণ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী জনৈক আবু ছাফা ২০০৫ সালের ৩ জুলাই সুপ্রিম কোটে ‘লিভ টু আপিল’ দায়ের করেন। সুপ্রিম কোর্ট এ বছর ৬ এপ্রিল আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন।
রিটকারীদের পক্ষে আইনজীবী আবদুল মোমেন চৌধুরী এবং আপিলকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার ওমর সাদাত শুনানিতে অংশ নেন।
