শামীম ওসমানকে গ্রেপ্তারের চেষ্টা
নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান মঙ্গলবার রাত পৌনে আটটায় পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালায়।
এলাকায় গণসংযোগ করার সময় সাধারণ পোশাকের একদল পুলিশ তাড়া করে।
পুলিশের তাড়া খেয়ে তিনি নিজ বাড়ি হীরামহলে ঢুকে পড়েন।
পুলিশের তাড়া করার খবর ছড়িয়ে পড়লে দলের কয়েক হাজার নেতাকর্মী এলাকার বিভিন্ন প্রবেশপথে প্রতিবন্ধকতা তৈরি করে। প্রতিরোধের মুখে এক পর্যায়ে পুলিশ এলাকা ত্যাগ করে।
পরে নেতাকর্মীরা চাষাড়া এলাকায় অবস্থান নেয় এবং বিক্ষোভ মিছিল শুরু করে। এতে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়।
এলাকায় বিডিআর মোতায়েন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, শামীম ওসমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তার প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা কমিটির সদস্য জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আনিসুর রহমান দীপু বলেন, “শামীম ওসমান বেশ কয়েকটি মামলায় জামিনে রয়েছেন এবং কয়েকটি মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত হয়েছে।”
এর আগে সংবর্ধনা সভায় শামীম ওসমান বলেন, “বিগত সরকারের আমলে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমার পোলিং এজেন্ট হওয়ায় এক নেতার ২ বোনকে ধর্ষণ করেছে বিএনপির সন্ত্রাসীরা। মামলা, হামলা ও নির্যাতনের মাধ্যমে আমাদের নেতাকর্মীদেরকে নাজেহাল করা হয়েছে।”
নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত গণ সংবর্ধনায় শামীম ওসমান তার ও দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডের জন্য উপস্থিত লোকজনের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তিনি বলেন, “আমার সঙ্গে সখ্য ছিল, গাড়িতে চড়ত সে ছেলেটি যদি কাউকে হুমকি দেয় বা অত্যাচার করে তাহলে তার দায়িত্ব আমার। আগামীতে আর এমনটি হবে না। আমার রাজনীতি হবে জন কল্যাণের।”
শামীম ওসমান স্থানীয় সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিন সম্পর্কে বলেন, “তিনি আমার বড় ভাই তার সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না। তবে আমার আরেক বড় ভাই জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ভাই সাব্বির হত্যাসহ ৪টি মামলার আসামী তিনি।”
সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাইফ উল্লাহ বাদল, শওকত আলী, মজিবর রহমান, মুক্তিযোদ্ধা সামি উল্লাহ মিলন, আব্দুর সাত্তার প্রমুখ।
সমাবেশ থেকে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এসে শহীদদের ও ১৬ জুনের বোমা হামলায় নিহতদের প্রতি শুদ্ধা জানানো হয়।
