২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছু হটলেন লবী সমর্থকরা

দলত্যাগের আলটিমেটাম দিয়েও পিছু হটলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব সাহারুজ্জামান মোর্তুজা ও তার অনুসারীরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 10:17 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

মঙ্গলবার বিকাল ৩ টার মধ্যে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে খুলনা-২ আসনে আলী আসগার লবীকে মনোনয়ন দেওয়া না হলে বিকাল ৫টায় সংবাদ সম্মেলন করে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

সোমবার দুপুরে তার বাসভবনে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দিয়েছিলেন।

কিন্তু আলটিমেটামের সময়সীমা পার হওয়ার কিছু আগে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্যাপারে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

তবে যাকে নিয়ে দল ত্যাগের প্রস্তুতি সেই লবী বলেছেন, তিনি আওয়ামী লীগে যাচ্ছেন না। সোমবার অবশ্য তিনি বলেছিলেন রাজনীতিতে শেষ বলে কিছু নেই।

সাহারুজ্জামান মোর্তুজা জানান, বুধবার সকাল ১১টায় নগরীর ইউনাইটেড ক্লাবে নেতা কর্মীদের মতামত এবং আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে আওয়ামী লীগে যোগ দেওয়ার ব্যাপারে।

সোমবারের দেওয়া আলটিমেটামের ব্যাপারে জানতে চইলে তিনি বলেন, নেতা-কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে মতামত নেওয়ার জন্য একদিন সময় বেশী নেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে আলী আসগর লবীর মতামতের বিষয়টি মোর্তুজাকে জানানো হলে তিনি বলেন, সোমবার তার সঙ্গে কথা হয়েছিল। মঙ্গলবার কোন কথা হয়নি।

তিনি জানান, বুধবার সকালে সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপির প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং খালিশপুর, দৌলতপুর এবং খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠেয় ওই সভায় সিদ্ধান্ত হবে।