অষ্টম সংসদের ৬ আ. লীগ সাংসদ মনোনয়ন পাননি
সদ্য সমাপ্ত সংসদের আওয়ামী লীগ দলীয় ছয় সাংসদ ড. হামিদা বানু শোভা, মোঃ লুৎফর রহমান, পঞ্চানন বিশ্বাস, ড. আলাউদ্দিন আহম্মেদ, দেওয়ান ফরিদ গাজী এবং নজমুল হাসান জাহেদ এবার দলের মনোনয়ন পাননি ।
আসন্ন জাতীয় নির্বাচনে ‘মহাজোট’ এর ব্যানারে প্রতিদ্বন্দ্বিতার জন্য হামিদা বানু শোভার নীলফামারী-১ আসনটি জাতীয় পার্টির এনকে আলম চৌধুরী এবং লুৎফর রহমানের গাইবান্ধা-২ আসনটি একই দলের প্রার্থী আব্দুর রশীদ সরকারকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।
ড. আলাউদ্দিনের কিশোরগঞ্জ-১ আসনটি লিবারেল ডেমেক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী এবিএম জাহিদুল হকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কয়েকটি সূত্র জানায়, আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য ড. আলাউদ্দিন আহম্মেদ নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
হবিগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ নজমুল হাসান জাহেদ আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এই আসন থেকে ‘মহাজোট’ এর শরিক খেলাফত মজলিসের মহাসচিব আব্দুর রব ইউসুফী নির্বাচন করবেন।
সূত্রগুলো দাবি করছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা খুলনা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়ায় পঞ্চানন বিশ্বাস সরে দাঁড়িয়েছেন।
প্রবীন আওয়ামী লীগ নেতা দেওয়ান ফরিদ গাজীকে এবার মনোনয়ন দেওয়া হয়নি। এ আসন থেকে গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া নির্বাচন করবেন।
