বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে চায় খেলাফত
আওয়ামী লীগের সঙ্গে খেলাফত মজলিসের সাক্ষরিত সমঝোতা স্মারকের বিরোধিতাকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইসলামপন্থী দলটি।
বিষয়টি নিয়ে আওয়ামী লীগের শরিক কয়েকটি দল ও সমর্থকদের তীব্র প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মুখ খুললো তারা।
বিবৃতিতে খেলাফত মজলিস এই সমঝোতাকে ‘অসাম্প্রদায়িকতা ও শান্তির স্বপক্ষে ঐতিহাসিক স্মারক’ দাবি করে বলেছে, এর ফলে ফতোয়ার নামে মানবাধিকার লঙ্ঘনের পথ চিরতরে বন্ধ হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক স্বাক্ষরিত বিবৃতিটিতে পাঁচ দফা সমঝোতার বিরোধিতাকারীদের উদ্দেশে বলা হয়েছে, “আপনারা আমাদের সঙ্গে আলোচনায় বসুন। এই পাঁচ দফার কোনো একটি বিষয়ও যদি কোনো ধর্ম বা মতাবলম্বী মানুষের জন্য ক্ষতিকর বলে প্রমাণ করতে পারেন, আমরা সানন্দে তা বাতিল করে দেব।”
বিবৃতিতে বলা হয়েছে, “ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হলে সব ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পথ বন্ধ করতে হবে। সব ধর্মের মৌলিক চেতনার প্রতি সহনশীল হতে হবে।”
ফতোয়া সম্পর্কিত বিষয়ে পত্রপত্রিকায় খণ্ডিত খবর উপস্থাপন করা হয়েছে দাবি করে এতে বলা হয়েছে, গ্রামের মাতব্বর শ্রেণী ও অশিক্ষিত ধর্মীয় লেবাসধারীরা ফতোয়ার নামে বিভিন্ন ভাবে মানবাধিকার লঙ্ঘনের মতো জঘন্য যেসব অপরাধ করে থাকে তা ‘চিরতরে রুদ্ধ করার জন্যই ফতোয়ার ধারাটি সমঝোতা স্মারকে সংযোজন করা হয়েছে।’
