শরিক ‘মৌসুমী’ দলগুলোকে ভোট দেবে না ১১দল
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ‘মহাজোট’ভুক্ত সব দলের প্রার্থীদের পক্ষে কাজ করবে না ১১ দল। এমনকি তাদের প্রার্থীদের আগামী নির্বাচনে ভোটও দেবে না ১১ দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার কড়া সমালোচনা করে ১১ দলের সমন্বয়ক বিমল বিশ্বাস বলেছেন, দলগুলো অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় ২৩ দফার আন্দোলনে শরিক ছিল না।।
সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের একাংশের সঙ্গে আওয়ামী লীগের স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাতিল করার আহ্বান জানানো হয়।
সমঝোতার বিষয়ে নিজেদের আপত্তির কথা জানাতে ১৪ দলীয় জোটভুক্ত ১৩ দল সোমবার শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ বৈঠক করে। বিষয়টি নিয়ে আব্দুল জলিল সোমবার রাতে সংবাদ সম্মেলন করে ও বিবৃতি দিয়ে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরে।
এ প্রেক্ষাপটে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে ১১ দল। এসময় ১১ দল নেতারা বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় ২৩ দফার আন্দোলনে ১১ দল সাধ্যমত অংশ নিয়েছে। যার সঙ্গে মৌসুমী কোনো পক্ষ ছিল না। নির্বাচনের আগে কিছু কিছু মৌসুমী রাজনৈতিক পক্ষ ১৪ দলের সঙ্গে যোগ দিয়ে মহাজোট গঠন করেছে।
তারা বলেন, ১৪ দলের সঙ্গে থাকলেও ১১ দল মৌসুমী কোনো পক্ষের সঙ্গে থাকবে না।
সমঝোতা স্মারক প্রসঙ্গে বিমল বিশ্বাস বলেন, এটি ১৪ দলকে নির্বাচনে সহায়তার পরিবর্তে ক্ষতিগ্রস্ত করবে। সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের ফসল ’৭১ সালের সংবিধানের যেটুকু অবশিষ্ট রয়েছে, সেটুকুও বিপন্ন হবে। দেশের রক্ষণশীল ও প্রতিক্রিয়াশীল শক্তিকে আরো শক্তিশালী করবে। যা ব্লাসফেমি আইন প্রণয়নের দাবি জোরেশোরে তুলতে উৎসাহিত করবে।
১১ দলের নেতারা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে সাম্প্রদায়িকতা ও রক্ষণশীলতার বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি ২৩ দফার ভিত্তিতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবস্থান নেবে নাকি সমঝোতা স্মারক বাস্তবায়ন করবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণআজাদী লীগের হাজী আব্দুস সামাদ, গণফোরামের পঙ্কজ ভট্টাচার্য, গণতন্ত্রী পার্টির শওকত আলী হীরা, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির আজিজুর রহমান, আনিসুর রহমান মল্লিক, কামরুল ইসলাম প্রমুখ।
