২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার চার আসনে মহাজোটের বিদ্রোহী প্রার্থী

মনোনয়ন বঞ্চিতদের নানামুখী বিদ্রোহ ও বিক্ষোভের মুখে পড়ছে আওয়ামী লীগ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মঙ্গলবার দিনভর মহাজোটের প্রার্থীরা বিক্ষোভ করেছেন। পাশাপাশি নিজেদের মত করে জমা দিয়েছেন মনোনয়নপত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 07:13 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

মঙ্গলবার ঢাকা মহানগরের আটটি আসনের মধ্যে অন্তত চারটি আসনে বিদ্রোহী প্রার্থীরা প্রকাশ্যে তাদের অসন্তোষ জানিয়ে মহাজোটের মনোনয়নের সিদ্ধান্তের বিপক্ষে সরব ভূমিকা নেয়। মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের অনুসারী ও সমর্থকেরা মিছিল ও সমাবেশ করে জোটের সিদ্ধান্তের বিপক্ষে তাদের অবস্থান জানায়।

ঢাকা-৫ অর্থাৎ গুলশান-ক্যান্টনমেন্ট-উত্তরা আসনে মহাজোট এবার মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে। এ আসনে গতবারের আওয়ামী লীগ প্রার্থী এ কে এম রহমতউল্লাহকে শান্ত করতে তাকে দেওয়া হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির পদ। তবে জটিলতা দেখা দিয়েছে আওয়ামী লীগের নেতা সাহারা খাতুন এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ায়। আর পুরো বিষয়টিকে আওয়ামী লীগসহ ১৪ দলের জন্য জটিলতর করে তুলেছে এ আসনে এরশাদের সাবেক স্ত্রী বিদিশার মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনা।

ঢাকা-১০ অর্থাৎ তেজগাঁও-রমনা আসনে এবার মহাজোটের মনোনয়ন পেয়েছেন এলডিপির মহাসচিব আবদুল মান্নান। গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. এইচ বি এম ইকবাল এ আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা-৪ অর্থাৎ ডেমরা-সবুজবাগে আসনে মহাজোট জাতীয় পার্টির আবু হোসেন বাবলাকে মনোনয়ন দিয়েছে। এ আসনে আওয়ামী লীগের গতবারের প্রার্থী হাবিবুর রহমান মোল্লাও তার মনোনয়ন পত্র জমা দেন।

হাবিবুর রহমান মোল্লা সাংবাদিকদের বলেন, “কোনো প্রার্থীকেই এখন পর্যন্ত মনোনয়ন দেওয়া হয়নি। আমরা নিজেদের মত করে মনোনয়নপত্র জমা দিয়েছি।”

ঢাকা-১১ মিরপুর ও পল্লবী আসন থেকে মহাজোটের মনোনয়ন পেয়েছেন কামাল আহমেদ মজুমদার। কিন্তু এ আসনেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইলিয়াস মোল্লা তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় তিনি বলেন, “দল কাকে মনোনয়ন দিয়েছে জানি না। তবে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে নেবো।”

মহাজোটের মহানগরের প্রার্থীদের মধ্যে চার প্রার্থী ঢাকা-৬ আস (মতিঝিল, সবুজবাগ) আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা-৭ (সূত্রাপুর, কোতোয়ালি) আসনে সাঈদ হোসেন খোকন, ঢাকা-৮ (লালবাগ) আসনে হাজী সেলিম এবং ঢাকা-৯ (মোহাম্মদপুর, ধানমণ্ডি ও হাজারিবাগ) আসনে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এর মনোনয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী সমর্থকেরা মেনে নিয়েছেন।