আশা ছাড়েননি লবী
বিএনপির নেতৃত্বাধীন চার দলের মনোনয়নের আশা এখনও ছাড়েননি সাবেক সাংসদ আলী আসগার লবী। এর মধ্যেই খুলনা-২ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি-খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবনের বাড়িওয়ালা হিসেবে যিনি ব্যাপকভাবে পরিচিত। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ পারভেজ।
এদিকে খুলনা-২ আসনে চার দলের পক্ষ থেকে নুরুল ইসলাম মঞ্জুকে মনোনয়ন দেওয়ার বিষয়টি এখন একরকম নিশ্চিত বলে জানিয়েছেন, জোটের উর্ধ্বতন একটি সূত্র।
এর মধ্যেই খুলনা-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আলী আসগার লবী। মঙ্গলবার বিকেলে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় লবী জানান “মনোনয়নপত্র জমা দিয়েছি। এখন অপেক্ষা করে আছি।”
চার দল থেকে মনোনয়ন পাচ্ছেন না এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর ক্ষুব্ধ লবী সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেছিলেন, “রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।” লবী আওয়ামী লীগে যোগ দিচ্ছেন এরকম একটি বিষয় সেসময় সব মহলেই আলোচিত হতে থাকে।
লবী অবশ্য মঙ্গলবারই নিজের অবস্থান থেকে কিছুটা সরে আসেন। লবীর ভাষায় বিএনপির নীতি-নির্ধারকদে কাছ থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশ্বাস পেয়েছেন তিনি।
মঙ্গলবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, “বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি এখনো আশাবাদী।”
প্রথমে মনোনয়ন পাবেন না শোনার পরও এখন আবার আশাবাদের ভিত্তি কী? এই প্রশ্নের উত্তরও মিলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতির কাছ থেকে, “দলের ওপরের মহলের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে যা বলেছেন তার ভিত্তিতেই আমি মনোনয়ন পাবো বলে আশা করছি।”
