২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুধা সদনের সামনে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মনোনয়ন প্রক্রিয়া চুড়ান্ত করার পর দলের প্রধান শেখ হাসিনার বাসভবন সুধাসদনের সামনে মঙ্গলবার দিনভর বিক্ষোভ প্রদর্শন করে মনোনয়ন বঞ্চিতরা। সুমন মাহবুব ও রফিক জামান জানাচ্ছেন বিস্তারিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 04:42 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

রোববার রাত থেকে এ পর্যন্ত সুধাসদনের সামনে অবস্থান নেয় মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কয়েক শ কর্মী-সমর্থক। তারা পৃথক কর্মসূচিও ঘোষণা করেন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সকালের দিকে সুধা সদনের সামনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে শতাধিক সমর্থক বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় নেতা-কর্মীরা বাবুর পক্ষে শ্লোগান দেয়। সোয়া ৮টা থেকে শুরু করে সাড়ে ১১টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন শেষে বাবুর অনুসারিরা ফিরে যান।

এদিকে বাইরে বিক্ষোভ চলার সময় সুধা সদনে অবস্থান করছিলেন নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া। সকাল সোয়া ৯ টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সেখানে থাকার পর বেরিয়ে যান তিনি। তবে এসময় কোনরকম অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।

অন্যদিকে সাড়ে ১২টা থেকে সুধা সদনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কুমিল্লা-৩ আসনে মনোনয়ন বঞ্চিত নেতা ইউসুফ আবদুল্লাহ হারুনের কর্মী সমর্থকরা।

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশীদ ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হানিফ সরকারের নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী ইউসুফ আব্দুল্লাহর মনোনয়নের দাবিতে বিভিন্ন শ্লোগানসহ বিক্ষোভ প্রদর্শন করেন।

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশীদ বলেন, “কোনরকম বিবেচনা না করেই এ আসনে জাহাঙ্গীর আলম সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখনই যদি সিদ্ধান্ত পরিবর্তন না করা হয় তবে এ আসনে আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবি হবে।”

তিনি আরও বলেন, “অন্যথায় আমরা গণ পদত্যাগ করবো।”

তিনি দাবি করেন, এ আসনে চারদলীয় প্রার্থী কায়কোবাদের সঙ্গে আঁতাত করেই জাহাঙ্গীরকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সমর্থকরা ইউসুফ আবদুল্লাহ হারুনকে মনোনয়ন দেওয়া না হলে আগামী ২৮ ডিসেম্বর থেকে সুধা সদনের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিলেও দুপুরে হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুপুরে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা হাসিনার কাছে একটি স্মারকলিপিও দেন।

সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে হারুন অর রশীদ বলেন, “আজ (মঙ্গলবার) ইউসুফ আবদুল্লাহ হারুন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নেত্রীর সঙ্গে এ ব্যাপারে আমাদের কথা হয়েছে। নেত্রীর শুভবুদ্ধির উদয় হলে তিনি মনোনয়নের বিষয়টি পুনঃবিবেচনা করবেন।”

এ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে গত দুই নির্বাচন করেন ইউসুফ আবদুল্লাহ হারুন এবং গত নির্বাচনে কুমিল্লা-১ (হোমনা) আসন থেকে বর্তমান কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সরকার জাহাঙ্গীর আলম সরকার নির্বাচন করেন।

দুপুর সোয়া দুইটার দিকে বিক্ষোভকারীরা সুধাসদন এলাকা ত্যাগ করেন।