খোকা ও হাজী সেলিমের সমর্থকদের সংঘর্ষে আহত ৫০
মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে মঙ্গলবার দুপুর একটা পঁচিশ মিনিটে রাজধানীর সেগুনবাগিচা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের সমর্থকদের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। হাজার হাজার সংক্ষুব্ধ সমর্থকদের নিয়ন্ত্রণে আনতে এসময় পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে। আবু সুফিয়ান জানাচ্ছেন বিস্তারিত।
মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখে মঙ্গলবার দুপুর একটার পরে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ও আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী সেলিম তাদের নিজ নিজ মনোনয়ন পত্র জমা দিতে গেলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষুব্ধ সমর্থকদের নিয়ন্ত্রণে আনতে এসময় পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে। সমর্থকরা বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের একটি গাড়ি এবং এক সাংবাদিকের মোটর সাইকেল পুড়িয়ে দেয়।
সংঘর্ষের সময় গোটা এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে মোট ৩৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ভোরের কাগজের ফটো সাংবাদিক খোকন শিকদার এবং দুইজন বিএনপির কর্মী রয়েছে। বাকিরা সকলেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
এর মধ্যেই সাবের হোসেন চৌধুরী, রোকনউদ্দিন মাহমুদ, হাজী সেলিম, সাদেক হোসেন খোকা, মোসাদ্দেক আলী ফালুসহ অন্য নেতারা তাদের নিজ নিজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিভিন্ন এলাকায় একই সঙ্গে মনোনীত প্রার্থীদের উল্লাস এবং বঞ্চিতদের বিক্ষোভ দেখা গেছে।
এদিকে ঢাকা-১০ আসনে সাবেক সাংসদ মোসাদ্দেক হোসেন ফালুর বিপরীতে বিএনপির বরকতউল্লাহ বুলুর পক্ষে এম এ হাশেম নামে এক ব্যক্তি মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
দুপুর দেড়টায় রোকনউদ্দিন মাহমুদ ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিতে যান।
এদিকে ঢাকা-৪ আসনে আবু হোসেন বাবলা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির আবু হোসেন বাবলাকে মনোনয়ন দেওয়ায় হাবিবুর রহমান মোল্লা বিদ্রোহী প্রার্থী হিসেবে তার মনোনয়ন পত্র জমা দেন।
তবে রহমান মোল্লা সাংবাদিকদের বলেন, “কোনো প্রার্থীকেই এখন পর্যন্ত মনোনয়ন দেওয়া হয়নি। আমরা নিজেদের মত করে মনোনয়নপত্র জমা দিয়েছি।”
ঢাকা-১১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার ২০-২৫টি গাড়ি নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে বের হলে পুরো বিজয় সরণিতে জটের সৃষ্টি হয়।
একই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইলিয়াস মোল্লা তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় তিনি বলেন, “দল কাকে মনোনয়ন দিয়েছে জানি না। তবে দলের সিদ্ধান্ত মেনে নেবো।”
মহাজোট সোমবার দিনভর বিভিন্ন আসনে তাদের প্রার্থিতা চূড়ান্ত করে। তবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি।
এদিকে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে ৫০টি আসন দেওয়া হলেও তারা ৩০০টি আসনেই মনোনয়নপত্র জমা দেবে বলে জানা গেছে। পরে মহাজোটের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হলে জাতীয় পার্টি থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানা গেছে।
