২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফতোয়া বিতর্ক’ অবসানে জলিল গলদঘর্ম

‘আওয়ামী লীগ খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা করে তার অসাম্প্রদায়িক আদর্শ থেকে বিচ্যুত হয়নি’-এই বক্তব্যে শরিক রাজনৈতিক দল, সমর্থক বুদ্ধিজীবী মহল ও ভোটব্যাংককে আশ্বস্থ করতে সোমবার রীতিমতো হিমশিম খেয়েছে দলটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 02:07 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

আব্দুল জলিল সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, “এই সমঝোতার ফলে বরং যত্রতত্র ফতোয়াবাজি বন্ধ হবে।”

খেলাফত মজলিশের সঙ্গে সমঝোতার কারণে শরিক দলগুলোর তীব্র বিরোধীতার প্রেক্ষাপটে সোমবার টানা বৈঠকের পর জলিল রাতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে দলের বক্তব্য তুলে ধরেন।

শরিকেরা সমঝোতার সমালোচনা করে বলছে, এর ফলে তারা ক্ষমতায় এলেও ফতোয়াবাজি বন্ধ হবে না। সোমবার শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ক্ষুদ্ধ শরিক নেতারা পরিষ্কার জানিয়ে দেন, এটি তাদের কাছে গ্রহনযোগ্য নয়।

সোমবার সকালে হাসিনার সঙ্গে বৈঠকে শরিক দলের নেতারা তাদের অবস্থান ব্যাখ্যা করেন। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্যরা তাদের সঙ্গে একমত হয়েছেন বলে বামপন্থী নেতারা দাবি করেন।

বৈঠক প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, “খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের চুক্তি ১৪ দল সমর্থন করে না। এটা শেখ হাসিনাকে জানিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক বিষয়ে আমরা আপোস করবো না।”

তিনি আরও বলেন, “এই চুক্তি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনীতির ভিত্তিমূলে আঘাত। এ জন্য আমাদের কাছে এ চুক্তি গ্রহণযোগ্য নয়।”

মেনন ১৪ দলের বর্তমান অবস্থান সম্পর্কে বলেন, “২৩ দফার ভিত্তিতেই ১৪ দলের বর্তমান অবস্থান।”

সভা শেষে জাসদ নেতা হাসানুল হক ইনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “১৪ দল এর আগে যে ২৩ দফা জনগনের সামনে তুলে ধরেছিল তার একটি দফায় অসাম্প্রদায়িক রাজনীতির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা রয়েছে।”

তিনি আরো বলেন, “এ জন্য আমরা অতীতে আন্দোলন করেছি এবং ভবিষ্যতেও করব। আজকের সভায় এ বিষয়টি আবারও স্পষ্ট করা হয়েছে। অসাম্প্রদায়িক রাজনীতির পথ থেকে আমরা এক পাও সরে যাইনি।”

বৈঠকে সিদ্ধান্ত হয় এ ব্যাপারে ১৪ দলের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিবে এবং আব্দুল জলিল ব্যক্তিগতভাবে সোমবার বিকেলে পুরো বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন বলেও তিনি জানান।

রাতে দেওয়া বিবৃতিতে জলিল বলেন, “আমরা লক্ষ্য করেছি– শায়খুল হাদিস মাওলানা আজিজুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশের সঙ্গে আওয়ামী লীগের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে বিভিন্ন মহলে নানাবিধ প্রশ্ন এবং কিছু কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।”

তিনি বলেন, “আগামী নির্বাচনে এই দেশ এবং দেশের মানুষকে রক্ষায়, মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা দেশের সকল রাজনৈতিক দল, পেশাজীবী-সামাজিক-সাংস্কৃতিক শক্তিকে বিএনপি-জামাত জোটের নামে গড়ে ওঠা অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছিলাম। সেই অঙ্গীকারে সমগ্র জাতি আজ এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।”

জলিল ব্যাখ্যা করেন, খেলাফত মজলিশ যেহেতু পেশাজীবী আলেম-উলামাদের সমন্বয়ে একটি ধর্মীয় রাজনৈতিক দল। সে হিসেবে আওয়ামী লীগ নির্বাচনী সমঝোতার জন্য যে স্মারকে স্বাক্ষর করেছে, তাতে ইসলামী ধর্মীয় কিছু বিষয় স্বাভাবিকভাবেই এসেছে। এ নিয়ে কোনও বিভ্রান্তির অবকাশ নেই।

তিনি আরো বলেন, “এক্ষেত্রে আমরা সুষ্পষ্টভাবে বলতে চাই, আগামী র্নিবাচনে মহাজোট ক্ষমতায় এলে সকল ধর্মের অধিকার সুরক্ষিত করা হবে, দেশ পরিচালিত হবে মুক্তিযুদ্ধ অর্জিত অসাম্প্রদায়িক চেতনায়। সমঝোতা স্মারকে শুধুমাত্র কোরআন-সুন্নাহ বিরোধী কোনও আইন করা হবে না– এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,“ আমরা মনে করি সমঝোতা স্মারকে এ সম্পর্কিত বিষয়টি উল্লেখের কারণে ববং প্রকৃত আলেমরা যথেচ্ছ ফতোয়াবাজি বন্ধ করতে যথার্থ ভূমিকা রাখবেন। এছাড়া কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে গেছে বিগত বিএনপি-জামাত সরকার। আওয়ামী লীগ এ ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উন্নত ও যুগোপযোগী করবার জন্য প্রয়োজনীয় আধুনিকীকরণের পক্ষে ।”

সোমবার রাতে গুলশানের বাড়িতে সংবাদ সম্মেলনে জলিল দাবি করেন, সমঝোতায় কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও ধর্মনিন্দা আইন প্রণয়নের ব্যাপারে কোনো মতৈক্য হয়নি।