২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো নেই: এলডিপি

এলডিপি সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী সোমবার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 12:23 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

দলের বারিধারা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ন্যূনতম আন্তরিকতা দেখাতে ব্যর্থ হয়েছেন, তাই এলডিপি নির্বাচনে যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

কথা শেষ করার আগেই বি. চৌধুরী যোগ করেন, “এর মানে আমরা নির্বাচন বর্জন করার কথা বলছি না।”

এলডিপিকে মহাজোটের পক্ষ থেকে কতগুলো আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে আমরা ৩০ থেকে ৪০ টি আসন পাব বলে আশা করছি।”

তিনি বলেন, “আসন ভাগাভাগির বিষয়টি বড় নয়। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মহাজোট আরও শক্তিশালী হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ।”

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবি জানান।

এলডিপি সাধারণ সাধারণ সম্পাদক এমএ মান্নান বলেন, “ভোটার তালিকা হালনাগাদ করার আগেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, তাই এটি বৈধ নয়।”

তিনি নির্বাচনে অংশ নেওয়া সব দলের জন্য সমান সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।