২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী কর্মকাণ্ড তদারকিতে নামছেন উপদেষ্টারা

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম নিজ চোখে দেখতে ঈদের পরে মাঠ পর্যায়ে সফর শুরু করবেন উপদেষ্টারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 10:34 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে উপদেষ্টারা নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে বলবেন বলে জানিয়েছেন ধীরাজ কুমার নাথ।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও তারা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বিক কার্যক্রম দেখবেন।

উপদেষ্টা ধীরাজ কুমার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন ‘‘মনোনয়ন পত্র প্রত্যাহারের পর থেকে আমরা জেলা ও উপজেলায় সফর শুরু করবো। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবো।”

তিনি আরও বলেন, ‘‘কর্মকর্তাদের কার্যক্রমে কোন অনিয়ম ধরা পড়লে অথবা সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হবে নির্বাচন কমিশনকে।’’

ধীরাজ কুমার নাথ জানান, নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ইতিমধ্যেই প্রয়োজনীয় সংখ্যক লোকবল নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। কমিশনের যদি আরও লোকবলের প্রয়োজন হয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়ার জন্যও সরকার প্রস্তুত রয়েছে।

আরেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “২৬ ডিসেম্বরের পর থেকেই মূলত আমরা মাঠ পর্যায়ে সফর করার চিন্তা ভাবনা করছি।”

তিনি আর বলেন,“সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ইতিমধ্যেই প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এতে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরাসরি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে। তবে ঈদুল আযহার পরপরই পুরোদমে এ অভিযান সারাদেশে শুরু হবে। নির্বাচন পর্যন্ত বিরতিহীনভাবে অভিযান চলবে।