খেলাফত-আ. লীগ চুক্তি গ্রহণযোগ্য নয় : ১৩ শরিক দল
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে জোটের ১৩ শরিক দল সাফ জানিয়ে দিয়েছে, আব্দুল জলিল খেলাফত মজলিসের সঙ্গে যে স্মারক সই করেছেন তা গ্রহণযোগ্য নয়।
হাসিনার সঙ্গে সোমবার সকালে বৈঠককালে শরিক দলের নেতারা তাদের অবস্থান ব্যাখ্যা করেন। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর উপস্থিত সদস্যরাও তাদের সঙ্গে একমত হয়েছেন বলে বামপন্থী নেতারা দাবি করেন।
১৪ দলের জরুরি বৈঠকটি শুরু হয় সকাল সাড়ে ১০টার দিকে। কিছুক্ষণ পর তোফায়েল আহমেদের মার মৃত্যুর খবর আসায় বৈঠক স্থগিত করে হাসিনা যান তোফায়েলের বনানীর বাসায়।
পৌনে ১২টার দিকে হাসিনা ফিরে আসার পর ফের বৈঠক শুরু হয়। শেষ হয় দুপুর সোয়া ১২ টায়।
বৈঠকের পর রাশেদ খান মেনন বলেন, “খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের চুক্তি শরিক ১৩ দল সমর্থন করে না। এটা শেখ হাসিনাকে জানিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক বিষয়ে আমরা আপোষ করবো না।”
তিনি আরও বলেন, “এই চুক্তি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনীতির ভিত্তিমূলে আঘাত করেছে। এ জন্য এ চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না।”
মেনন ১৪ দলের বর্তমান অবস্থান সম্পর্কে বলেন, “২৩ দফার ভিত্তিতে ১৪ দল ঐক্যবদ্ধ হয়েছে।”
সভা শেষে জাসদ নেতা হাসানুল হক ইনুও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “১৪ দল এর আগে যে ২৩ দফা জনগনের সামনে তুলে ধরেছিল তার একটি দফায় অসাম্প্রদায়িক রাজনীতির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা রয়েছে।”
তিনি আরো বলেন, “এ জন্য আমরা অতীতে আন্দোলন করেছি এবং ভবিষ্যতেও করব। আজকের সভায় এ বিষয়টি আবারও স্পষ্ট করা হয়েছে। অসাম্প্রদায়িক রাজনীতির পথ থেকে আমরা এক পাও সরে যাইনি।”
ইনু বলেন, বৈঠকে খেলাফত মজলিসের সঙ্গে স্মারক সইয়ের বিষয়টি নিয়ে ১৪ দলের অবস্থান স্পষ্ট করে একটি বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আব্দুল জলিল ব্যক্তিগতভাবে সোমবার পুরো বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেও তিনি জানান।
গণফোরামের পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, বৈঠকে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। অন্যদিকে শেখ হাসিনা ওই চুক্তির পক্ষে যুক্তি দেখিয়েছেন।
পঙ্কজ ভট্টাচার্য বলেন,“তবে হাসিনার যুক্তি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা তাঁকে তা জানিয়েও দিয়েছি।”
তিনি আরও বলেন, “শুধু বাম রাজনৈতিক দলই না, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্যরাও এর বিপক্ষে তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন।”
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, নুরুল ইসলাম, অসিত বরন, শিরিন আক্তার, দিলীপ বড়ুয়া ও হাজী আব্দুস সামাদ।
এছাড়া আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
