সারাদেশে ভোটের হাওয়া
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ‘মহাজোট’ এর অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পরপরই পাল্টে গেছে রাজনীতির দৃশ্যপট। প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষের নির্বাচনের তোড়জোড়ে সারাদেশে বইতে শুরু করেছে ভোটের হাওয়া।
ইসলামপন্থী খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা স্মারক স্বাক্ষরের কারণে ১৪ দলীয় জোটের ১৩ টি শরিক দলের জোর আপত্তি, সমর্থক বুদ্ধিজীবী ও সুশীল সমাজের নাগরিকদের ক্ষোভ প্রকাশ এবং শেখ হাসিনার বাড়ির সামনে মনোনয়ন বঞ্চিতদের কর্মী-সমর্থকদের দিনভর বিক্ষোভে ‘মহাজোট’ এর ভোটযাত্রা দৃশ্যত নিষ্কন্টক নয়।
সারাদেশ থেকেও মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ-বিক্ষোভ, এমনকি গণপদত্যাগের হুমকির খবর পাওয়া যাচ্ছে।
তবে এরই মধ্যে আওয়ামী লীগ ২১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে অন্য ৮৮টি ছেড়ে দিয়েছে শরিক দলগুলোকে।
জাতীয় পার্টি জানিয়েছে, তারা ‘মহাজোট’ এর পক্ষে ৫০ আসনে প্রার্থী দেবে। ৫০ জনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে এরই মধ্যে। এরশাদ একাই লড়বেন পাঁচটি আসনে। আর তাঁর স্ত্রী রওশন এরশাদ পাচ্ছেন দুটি আসন।
শরিকদের মধ্যে ১৩ দল আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে ভোট করতে পারবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। জাতীয় পার্টি লড়বে লাঙ্গল নিয়ে।
অন্যতম শরিক এলডিপি কতো আসন পাচ্ছে তা জানা না গেলেও তারা দলীয় প্রতীক নিয়েই নির্বাচন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা। এলডিপি সভাপতি বি চৌধুরী নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সোমবারও নিশ্চিত করে কিছু বলেননি।
খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতায় শরিকদের ক্ষোভ
আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে দেখা করে জোটের ১৩ শরিক দল জানিয়ে দিয়েছেন যে, আব্দুল জলিল খেলাফত মজলিসের সঙ্গে যে স্মারক সই করেছেন তা গ্রহনযোগ্য নয়।
সোমবার সকালে হাসিনার সঙ্গে বৈঠকে শরিক দলের নেতারা তাদের অবস্থান ব্যাখ্যা করেন। এ সময় বৈঠকে থাকা আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্যরা তাদের সঙ্গে একমত হয়েছেন বলে বামপন্থী নেতারা দাবি করেন।
সোমবার সকালের বৈঠক প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, “খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের চুক্তি ১৪ দল সমর্থন করে না। এটা শেখ হাসিনাকে জানিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক বিষয়ে আমরা আপোষ করবো না।”
বাতিলের দাবি
খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা স্মারক বাতিলের দাবিতে ধানমণ্ডির সুধাসদনের সামনে সোমবার বিকেল চারটার দিকে বিক্ষোভ প্রদর্শন করেছেন সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি।
ব্যানারসহ বেশকিছু নাগরিক সুধাসদনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শনের সময় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা তাদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
সুধা সদনের সামনে দিনভর বিক্ষোভ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এটা জানার পর থেকেই দলের প্রধান শেখ হাসিনার বাড়ির সামনে ভিড় করছেন মনোনয়ন প্রত্যাশী নেতা ও তাদের কর্মী সমর্থকেরা। তবে এর মধ্যে সোমবার সকাল থেকে সুধা সদনের সামনে মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থকদের বিক্ষোভই চোখে পড়ছে বেশি।
রূপগঞ্জ আসনের সাবেক সাংসদ ও বিগত আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ এবার সেই বঞ্চিতদের দলে। ওই আসনে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন গাজী গোলাম দস্তগির।
এ খবর পেয়ে সফিউল্লাহর ২/৩ শতাধিক সমর্থক সোমবার সকালে সুধা সদনের সামনে ভিড় করেন। সাড়ে ৯টার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকেন নিজের নেতার পক্ষে। সমর্থকরা সফিউল্লাহর নির্যাতনের ছবি সম্বলিত পোস্টার নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন।
বিক্ষোভ হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলামের পক্ষেও। চাঁদপুর শাহারাস্তি-হাজিপুর আসনে তাকে মনোনয়ন না দিয়ে এবার মনোনীত করা হয়েছে ইসলামী ঐক্যফ্রন্টের বাহাদুর শাহকে।
টাঙ্গাইলের নাগরপুর আসনের আহসান মকবুল টিটু মনোনয়ন পাওয়ায় তার বিরোধী তারিক শামস্ খান হিমুর সমর্থকরাও বিক্ষোভ করেন সুধা সদনের সামনেই। অর্ধশতাধিক নেতাকর্মীকে হিমুর পক্ষে শ্লোগান দিতে দেখা গেছে।
বেলা দুইটার পর থেকে গাজীপুর-১ আসনের রহমত আলীর মনোনয়ন বাতিলের দাবীতে গাজীপুর আওয়ামী লীগের কয়েকশ কমী বিকেল ছয়টায় বিক্ষোভ করেছে।
আ. লীগ ২১২ আসনে এবং শরিকরা ৮৮ আসনে নির্বাচন করবে:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার দুপুর পর্যন্ত কয়েক দফা বৈঠকের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জাতীয় পার্টি, এলডিপি ও অন্য শরিক দলগুলোকে ৮৮টি আসন ছেড়ে দেবে আওয়ামী লীগ। এর মধ্যে ১৪ দলীয় জোটের শরিকরা নৌকা মার্কায় নির্বাচন করতে পারবে। জাতীয় পার্টি ও এলডিপির প্রার্থীরা নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারবে।
ওবায়দুল কাদের বলেছেন, প্রার্থীতা প্রত্যাহারের আগের দিন নির্বাচনে যাওয়া এবং মহাজোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। শরিক দলগুলোর সঙ্গে দুয়েকটা বিষয়ে মতভিন্নতা হয়েছে উল্লেখ করে কাদের বলেন, শিগগিরই এসব সমস্যা মিটে যাবে।
তিনি আরও জানান, যারা মনোনয়নের চিঠি নিচ্ছেন তাদের একটি প্রার্থীতা প্রত্যাহার ফরমও সাক্ষর করতে হচ্ছে। যাতে যে কোনো মূহুর্তেই মনোনিত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করা যায়।
জাতীয় পার্টির ৫০ প্রার্থীর নাম ঘোষণা:
জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ৫০জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি নিজে পাঁচটি আসনে এবং তাঁর স্ত্রী রওশন এরশাদ প্রতিদ্বন্দ্বিতা করবেন দুটি আসনে।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহাজোটের প্রধান শরীক আওয়ামী লীগের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই ৫০জনের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে আরও ১০টি আসন দলের অনুকূলে যুক্ত হবে বলেও বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়। ঘোষিত প্রার্থীদের যথাসময়ে মনোনয়নপত্র দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সুষ্ঠু নির্বাচনী পরিস্থিতি এখনও অনুপস্থিত: এলডিপি
এলডিপির সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী সোমবার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেননি।
দলের বারিধারা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ন্যূনতম আন্তরিকতা প্রদর্শনেও ব্যর্থ হয়েছেন, তাই এলডিপি নির্বাচনে যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
কথা শেষ করার আগেই বি. চৌধুরী এ-ও বলেন, “আমরা নির্বাচন বর্জন করার কথা বলছি না।”
এলডিপিকে মহাজোটের পক্ষ থেকে কতগুলো আসন দেওয়ার প্রস্তাব করা হয়েছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে আমরা ৩০ থেকে ৪০ টি আসন পাব।”
