২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করবে সেনাবাহিনী

২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করবে। তারা মূলত সহায়তা করবে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

নির্বাচনে সেনা সদস্য মোতায়েন বিষয়ক কমিশনের এক জরুরী পরিপত্রে এ কথা বলা হয়েছে। এতে কমিশন সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে নানা দিক নির্দেশনা দেয়। রোববার রাতে জারি করা পরিপত্রটি সোমবার সারাদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ফ্যাক্সে পাঠানো হয়।

কমিশন একইসঙ্গে আরও পাঁচটি পৃথক পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, সেনা সদস্যরা নির্বাচনের আগে, ভোট গ্রহণের দিন এবং পরে তারা সহায়তা করবে পুলিশ, বিডিআর ও আনসার বাহিনীর সদস্যদের।

কমিশন সূত্র জানায়, নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বুধবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা আহ্বান করা হয়েছে। কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, তিন বাহিনী প্রধান, বিডিআর এর মহাপরিচালক, মহাপুলিশ পরির্দশক এবং সামরিক-বেসামরিক গোয়েন্দা বাহিনী প্রধানরা। এতে কমিশন একটি নির্দিষ্ট সংখ্যায় সেনা, বিডিআর ও পুলিশ সদস্য মোতয়েন করার বিষয়টি আলোচনা করতে পারে।

এছাড়া ২১ জানুয়ারি মধ্যরাত থেকে ২২ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নয় ধরনের যান চলাচলের ওপর কমিশন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

পরিপত্রে বলা হয়, সারাদেশে ওই সময়ে মোটরসাইকেল, বেবি ট্যাক্সি, মাইক্রোবাস, জিপ, পিক আপ, প্রাইভেট কার, বাস, ট্রাক ও টেম্পো যান চলাচল বন্ধ থাকবে; তবে মেট্রোপলিটন ও বিভাগীয় শহরে একই সময় বন্ধ থাকবে শুধুমাত্র মোটরসাইকেল, মাইক্রোবাস, জীপ ও পিক আপ।

এতে আরও বলা হয়, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, নির্ধারিত পরিচয়পত্রসহ দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক এবং নির্বাচন কর্মকর্তা-কর্মচারি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেবামূলক কাজে নিয়োজিতদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল হবে। এ ছাড়া মহাসড়ক, বন্দর ও জরুরী পণ্য সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

পৃথক আরেক পরিপত্রে হাওর ও নদী প্রধান এলাকাতেও একই সময়ে লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান এবং স্পিড বোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে একই রকমভাবে বেশ কিছু শিথিলতার কথাও উল্লেখ করা হয়েছে।

নির্বাচনে ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনকে কেদ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রতিটি দলের সঙ্গে একজন করে ম্যাজিট্রেট থাকবেন। ভোটের দিন ভ্রাম্যমান সংক্ষিপ্ত বিচার আদালত (মোবাইল কোর্ট) গঠনের জন্য নিয়োগ করা হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট।

পরিপত্রে নির্বাচন কর্মকর্তা ও ভোট গ্রহণ কর্মকর্তাদের দলমত নিরপেক্ষ হওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে সংশ্লিষ্টদের নির্বাচনের খুঁটিনাটির বিষয়েও নানা দিকনির্দেশনা দেওয়া হয়েছে।