২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে কেক কাটলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া খ্রিস্টান নেতাদের সঙ্গে বড় দিনের কেট কেটেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

রোববার সন্ধ্যায় হাওয়া ভবনে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সহ সভাপতি এলাইসিস মিলনের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে গেলে এই কেক কাটার অনুষ্ঠান হয়।

খ্রিস্টান নেতারা ফুলের তোড়া দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।

এ উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “বিএনপি সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে। আমাদের সরকার ক্ষমতায় থাকতে সবার অধিকার নিশ্চিত করেছিলো।”

তিনি দেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে চার দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য খ্রিস্টান নেতাদের প্রতি অনুরোধ জানান।

খালেদা জিয়া বলেন, “বিএনপি দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন চায়। নির্বাচন যত সুষ্ঠু নির্বাচন হবে, বিএনপি তত ভালো ফল করবে।”

সাক্ষাতকালে সংগঠনের মহাসচিব অ্যালবার্ট ডি কস্তা, অনিল ডি কস্তা, আলেকজান্ডার গোমেজ, বণি গোমেজ, যোসেফ এ রোজারিও, মার্টিন গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন।