২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরও রদবদল

জনপ্রশাসনের যুগ্ম সচিব, উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ে আবারও রদবদল হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 10:35 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

এদের মধ্যে তিনজন যুগ্ম সচিব, একজন উপ সচিব ও একজন সিনিয়র সহকারী সচিবকে বদলি ও পদায়ন করা হয়েছে।

এছাড়াও সরকারি যানবাহন অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর ছিদ্দিককে পদোন্নতি দিয়ে একই অধিদপ্তরের পরিচালক নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে রোববার এসব আদেশ জারি করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিকুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক শাহীন খানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।

একই সঙ্গে ওএসডি যুগ্ম সচিব নিয়াজ উদ্দিন মিয়াকে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক নিয়োগ করা হয়েছে।

বরিশাল স্থানীয় সরকার বিভাগের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন উপসচিব প্রাণেশ রঞ্জন সূত্রধরকে বরিশাল বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার কার্যালয়ের উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তার আগের বদলির আদেশটি বাতিল হয়েছে।

জাতীয় মহিলা সংস্থার প্রোগ্রাম অফিসার সিনিয়র সহকারী সচিব গৌতম কুমার ভট্টাচার্যকে বিসিএস প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক করা হয়েছে।

এছাড়া ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক খালেদ আবু নাছের ও মোমিনুর রশীদ আমিনকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।