২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক নির্বাচনে পাঁচ দফা তফসিল

রোববার পঞ্চম বারের মত ঘোষণা করা হলো নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বাংলাদেশের ইতিহাসে এত বার তফসিল পরিবর্তন একটি নজীরবিহীন ঘটনা ।

প্রথম দফায় কমিশন ২৭ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে। সেই তফসিল অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। এতে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ধরা হয়েছিল ১০ ডিসেম্বর, বাছাই ১১ ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর।

দ্বিতীয় দফায় ৭ ডিসেম্বর ঘোষণা করা হয় পুনঃনির্ধারিত তফসিল। এতে নির্বাচনের দিন ঠিক করা হয় ২৩ জানুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ দিন ছিলো ২১ ডিসেম্বর, বাছাই ২২ ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ডিসেম্বর।

তৃতীয় দফায় ১৮ ডিসেম্বর আবারও পরিবর্তন করা হয় তফসিল। ২৩ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ভোট গ্রহণের তারিখ একদিন এগিয়ে এনে ২২ জানুয়ারি করা হয়। তখন মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, বাছাই ও প্রত্যাহারের দিনক্ষণে পরিবর্তন আনা হয়নি।

চতুর্থ দফায় ২০ ডিসেম্বর আবার বদল হয় তফসিল। এতে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৪ ডিসেম্বর, বাছাই ২৬ ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জানুয়ারি ঠিক করা হয়। এতে ভোট গ্রহণের দিন অপরিবর্তিত রাখা হয়।

সর্বশেষ রোববার ২২ জানুয়ারি ভোট গ্রহণ ও ৩ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ঠিক রেখে পঞ্চমবারের মতো ঘোষণা করা হয় তফসিল। এখন ২৬ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। পাশাপাশি মনোনয়নপত্র বাছাইয়ের তারিখও একদিন বাড়িয়ে ২৭ ডিসেম্বর করা হয়েছে।

বার বার তফসিল ঘোষণার কারণ ব্যাখ্যা করে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, “সব রাজনৈতিক দল যাতে নির্বাচনে আসে, সে জন্যই এ পরিবর্তন।”

মাহফুজুর রহমান বলেন, “রাজনৈতিক দলগুলোর সম্মতি নিয়েই তফসিল পরিবর্তন করা হয়েছে।”

১৯৭৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় এ পর্যন্ত নয়টি নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।

তবে এবারই প্রথম কমিশন তফসিল নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলাপ - আলোচনা করেনি।

এক নজরে ৯ টি নির্বাচনী তফসিল:

সাল মনোনয়ন দাখিল মনোনয়ন বাছাই প্রার্থীতা প্রত্যাহার ভোট গ্রহণের দিন

সাল                          মনোনয়ন দাখিল      মনোনয়ন বাছাই       প্রার্থীতা প্রত্যাহার      ভোট গ্রহণের দিন

১৯৭৩                      ৫ ফেব্রুয়ারি             ৬ ফেব্রুয়ারি             ৮ ফেব্রুয়ারি             ৭ মার্চ

১৯৭৯                       ১৬ জানুয়ারি            ১৭ জানুয়ারি             ২১ জানুয়ারি             ১৮ ফেব্রুয়ারি

১৯৮৬                      ২২ মার্চ                    ৭ এপ্রিল                   -                               ৭ মে

১৯৮৮                      -                               -                               -                               -

১৯৯১                       ১৩ জানুয়ারি            ১৪ জানুয়ারি             ২১ জানুয়ারি             ২৭ ফেব্রুয়ারি

১৯৯৬                      ১৭ জানুয়ারি             ১৮ জানুয়ারি             -                               ১৫ ফেব্রুয়ারি

১৯৯৬                      ১২ মে                      ১৩ মে                      ১৮ মে                      ১২ জুন

২০০১                       ২৯ আগস্ট               ৩০ ও ৩১ আগস্ট     ৬ সেপ্টেম্বর             ১ অক্টোবর

২০০৭                      ২৬ ডিসেম্বর            ২৭ ডিসেম্বর             ৩ জানুয়ারি               ২২ জানুয়ারি

১৯৯১ সালের নির্বাচনে ৬ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ১০৮, ১৯৯৬ সালে ৫ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার ৩৮৪, ২০০১ সালে ৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৯৮৩ জন ভোটার ছিল।

আর এবারের নির্বাচনের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৬। তালিকা সংশোধনের কাজ চলছে বলে এই সংখ্যার তারতম্য হতে পারে।