২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূইঁয়ার আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া নরসিংদী-৩ আসনে রোববার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারভিযান শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সকাল ১১ টা থেকে টানা ছয় ঘন্টার এই গণসংযোগে তিনি শিবপুরের সাদারচর ইউনিয়নের দক্ষিণ সাদারচর নয়াপাড়া, সাদারচর বাজার, হরিহরদী বাজার, সৌকোন্দী, সৈদেড়খোলা বাজার, গৌবিন্দী বাজার, বন্যার বাজার প্রভৃতি গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

মান্নান ভূঁইয়া কয়েকটি পথসভায়ও বক্তব্য রাখেন।

গণসংযোগকালে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ ইরান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, আবদুর রশিদ মোল্লা, শহীদুল ইসলাম ভূঁইয়া, আবুল হারিস রিকাবদার, মঞ্জুর এলাহী, আবদুল জলিল, আরিফুল ই্সলাম মৃধা, অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল নেতারা সঙ্গে ছিলেন।

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া আসন্ন নির্বাচনে নরসিংদী-৩ আসন থেকে নির্বাচন করবেন। গত ২০ ডিসেম্বর তাঁর মনোনয়নপত্র স্থানীয় নেতারা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন।

বিকেলে সাদারচরের বাঘের স্কুল মাঠে এক সুধী সমাবেশে আবদুল মান্নান ভূঁইয়া গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থে চার দলীয় জোটকে ভোটের মাধ্যমে বিজয়ী করার আহবান জানান। তিনি জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের পর থেকে ১৪ দলের কর্মসূচিকে ‘নৈরাজ্যকর ও সন্ত্রাসমূলক’ অভিহিত করে কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, তারা দেশের উন্নতি চায় না। অন্যদের ইশারায় তারা দেশের অর্থনীতি বিপর্যস্ত করেছে।