পরিবর্তিত তফসিলে নির্বাচনে যেতে পারে মহাজোট: জলিল
পরিবর্তিত তফসিলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনে যাওয়ার চিন্তা-ভাবনা করছে। তবে সবগুলো দলের সঙ্গে আলোচনার পর রোববার সন্ধ্যা নাগাদ নির্বাচনে যাওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল।
গুলশানে এলডিপি ও জাতীয় পার্টিসহ সমমনা দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জলিল বলেন, “প্রেক্ষিত বিবেচনা করে সবাই একমত হলে নির্বাচনে যেতে পারি।” তবে নির্বাচনের পরিবেশ কখনও শতভাগ সুষ্ঠু হয় না উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দলের সঙ্গে আলোচনা এখনও চলছে। সন্ধ্যা নাগাদ কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে।
আসন বন্টন নিয়ে মহাজোটের শরিক দলগুলোর মধ্যে কোনো সমস্যা হবে না বলেও জলিল দাবি করেন।
খেলাফত মজলিসের সঙ্গে চুক্তি প্রসঙ্গে প্রশ্ন করা হলে জলিল বলেন, “তাদের সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি। আমি একটা স্মারকে সই করেছি মাত্র। ফতোয়ার পক্ষে আমি কোনো ওকালতিও করি না।”
