২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপি থেকে অর্ধশতাধিক নেতার পদত্যাগ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) উপদেষ্টা পরিষদের একজনসহ অর্ধ শতাধিক নেতা এলডিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 02:31 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

উপদেষ্টা পরিষদের সদস্য ইশতিয়াক আজিজ উলফাত, যুগ্ম মহাসচিব নঈম জাহাঙ্গীর, সহ-সম্পাদক (যুব বিষয়ক) সাদেক আহমেদ খানের নেতৃত্বে এলডিপি নেতারা রোববার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন।

এর পাশাপাশি অচিরেই নতুন একটি দল গঠনেরও ঘোষণা দেন তারা।

রোববার দুপুর ১২ টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এলডিপি থেকে পদত্যাগকারী নেতারা বলেন, এলডিপির যে আদর্শে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল আসলে তা হয়নি। সংগঠনটি এখন ব্যক্তি স্বেচ্ছাচারিতার কাছে আত্মসমর্পণ করেছে। পুরোপুরি পরিবারতন্ত্রের আখড়ায় পরিণত হয়েছে এলডিপি।

তারা জানান, এলডিপিতে যারা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার উদ্দেশে যোগ দিয়েছিলেন তারা আজ বিক্ষুব্ধ। অচিরেই নতুন একটি দল গঠন করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাদেক আহমেদ খান।

এতে অভিযোগ করা হয়, এলডিপির বর্তমান নেতারা সক্রিয় নেতা-কর্মীদের মতামতের তোয়াক্কা না করে নিজেদের অনুগত ও ঘনিষ্ঠজনদের বিভিন্ন স্তরের কমিটিতে প্রাধান্য দিয়েছে। দুর্নীতি ও লুটপাটের জন্য চ্যাম্পিয়ন সাবেক স্বৈরশাসক এরশাদের সঙ্গে মহাজোটে যোগ দিয়েছে। অথচ এলডিপির আদর্শই ছিল দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আপোসহীন থাকার অঙ্গীকার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলডিপি থেকে সম্পর্ক ছিন্নকারী ওয়ারেসুল হাসান সিদ্দিকী, মুজাফফর আহমেদ খান, খালেদ আহমেদ, মোহাম্মদ হানিফ, জামালুদ্দিন মাস্টার, এম এ শহীদ বাবলু, খোরশেদ আলম প্রমুখ।

এলডিপির সঙ্গে সম্পর্ক ছিন্নকারী নেতারা এলডিপির ভেতরে ও বাইরে অবস্থানকারী সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক, প্রগতিশীল ব্যক্তি-গোষ্ঠীর সমন্বয়ে নতুন একটি দল গঠনেরও অঙ্গীকার করেছেন।

একইসঙ্গে ক্ষমতায় যাওয়ার জন্য এলডিপির বর্তমান সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করেন তারা।

এক প্রশ্নের জবাবে নঈম জাহাঙ্গীর বলেন, “আমরা নীতি বিবর্জিত কোন জোট বা দলের সঙ্গে নেই। এটা যখন বুঝতে পেরেছি তখন এলডিপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ নিয়েছি।”

প্রসঙ্গত, গত ২৬ শে অক্টোবর ১২০ জন সদস্য নিয়ে নতুন দল এলডিপি যাত্রা শুরু করে। সেসময় নতুন এই দলটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইশতিয়াক আজিজ উলফাত, নঈম জাহাঙ্গীর, সাদেক আহমেদ খান প্রমুখ।