মনোনয়ন জমা দেয়ার তারিখ দু’দিন পেছানোর কথা বললেন উপদেষ্টারা
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার থেকে দু’দিন পিছিয়ে মঙ্গলবার ২৬ ডিসেম্বর করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করবে সরকার।
বঙ্গভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ তিন ঘন্টার বৈঠক শেষে শনিবার রাতে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, “মহাজোটের নেতাদের অনুরোধের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে আমরা তারিখ পেছানোর অনুরোধ জানাবো।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা শোয়েব আহমেদ।
তথ্য উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে বলেন, “আগে তারা ঘোষণা দিক। তারপর আমরা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি ভেবে দেখবো।”
তিনি বলেন, “গত ৫ ডিসেম্বরের পর থেকে আমার সঙ্গে কোনো উপদেষ্টার কোনো ধরণের যোগাযোগ হয়নি।”
মাহবুবুল আলম অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ পেছানোর জন্য মহাজোটের পক্ষ থেকে কয়েকজন নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তার প্রেক্ষিতে আমরা রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিলাম।”
তিনি বলেন, “মহাজোটের নেতারা বলেছেন, মনোনয়ন জমা দেওয়ার তারিখ পেছানো হলে তারা রোববার থেকে মনোনয়নপত্র জমা দিতে শুরু করবেন। আশা করছি কাল (রোববার) থেকে তারা মনোনয়ন দাখিল করবেন।”
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও তার মিত্ররা নির্বাচনে অংশ নেবে কি-না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “মহাজোটের কয়েকজন নেতা আমাদের বলেছেন, মনোনয়ন জমা দেওয়ার সময় পেছানো হলে নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা।”
নির্বাচনের তারিখ অপরিবর্তিতই থাকবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “সেটা যেভাবে ছিল তাই থাকবে। কারণ মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ আছে, ট্রাইব্যুনালের বিষয় আছে, সামনে আবার ঈদের ছুটি আছে। সব কিছু ভেবেই আমরা সিদ্ধান্তে এসেছি ভোটের দিন পেছানোর আর কোনো সুযোগই নেই।”
নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেনের ছুটিতে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহবুবুল আলম বলেন, “না এ বিষয়ে কোনো কথা হয়নি।”
সর্বশেষ তফসিল অনুযায়ী ২৪ ডিসেম্বর রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর ভোটগ্রহণ হবে ২২ জানুয়ারি।
