মনোনয়ন না পেয়ে দিনভর হাওয়া ভবনে বিক্ষোভ
বিএনপির মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী নেতাদের সমর্থকরা শনিবার দিনভর হাওয়া ভবনের সামনে বিক্ষোভ করেছে।
অনানুষ্ঠানিকভাবে জানানো দলের মনোনয়ন তালিকায় জায়গা না পাওয়া এসব নেতার অনেক অনুসারীকে সাদা (কাফন) কাপড় পরে থাকতে দেখা গেছে।
শনিবার বিকেল ৩টা থেকে কমপক্ষে ৩টি আসনের বিদ্রোহী নেতাদের সমর্থকরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে।
রাত ৯টার পরও ঢাকা-৪ আসনে নির্বাচন করতে ইচ্ছুক নবীউল্ল্যাহ নবীর সমর্থকরা অবস্থান করছিল।
তার সমর্থকরা ওই আসনে সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদের মনোনয়ন বাতিল করে খালেদা জিয়াকে নির্বাচন করার আহ্বান জানায়।
সারাদিনে কয়েক শ’ বিএনপি নেতাকর্মীর অবস্থান ও দফায় দফায় বিক্ষোভের কারণে শনিবার হওয়া ভবনের বাইরে পরিস্থিতি ছিলো উত্তপ্ত।
নবীউল্ল্যাহর সমর্থক ছাড়াও নরসিংদী সদর আসন ও নারায়ণগঞ্জ ৪ আসনের মনোনয়ন বঞ্চিতদের অনুসারীরাও বিক্ষোভ করে।
নরসিংদী সদরে খায়রুল কবীর খোকনের মনোনয়ন বাতিল করে সেখান থেকে মান্নান ভূঁইয়াকে নির্বাচন করার দাবি জানিয়ে একদল নেতাকর্মী মিছিল করে।
নারায়ণঞ্জ ৪ আসনে সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের মনোনয়ন বাতিল করে স্থানীয় বিএনপি নেতা মনিরুল আলম সেন্টুকে নির্বাচন করতে দেওয়ার দাবি জানিয়ে তার সমর্থকরা মিছিল করে।
