ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে বিজয়ী সাদা দল
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০০৭ সালের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ আটটি পদে বিজয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা।
সাধারণ সম্পাদকসহ ছয়টিতে আওয়ামী লীগ সমর্থিত নীল দল জয় লাভ করে। একটি সদস্য পদে দুই দলের প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষক ক্লাবে ভোট গ্রহণ হয়। দুটি প্যানেল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। ১১৬৮ জন শিক্ষক ভোট দেন।
নির্বাচন কমিশনার অধ্যাপক আজিজুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টায় ফল ঘোষণা করেন।
৫৭৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাদা দলের অধ্যাপক সদরুল আমিন। তার প্রতিদ্বন্দ্বী নীল দলের অধ্যাপক শরিফুল্লাহ ভুঁইয়া পান ৫১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নীল দলের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন হারিয়ে দিয়েছেন সাদার অধ্যাপক সিরাজুল ইসলামকে।
শিক্ষক সমিতির নির্বাচনে নীল দল পরপর তিনবার শীর্ষে অবস্থান করার পর এবার বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের চেয়ে কম পদ পেলো।
সহ-সভাপতি পদে সাদা দলের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম নীল দলের অধ্যাপক আ ব ম ফারুককে পরাজিত করেন। অন্যদিকে, নীল দলের অধ্যাপক আশরাফউদ্দীন চৌধুরীকে হারিয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন অধ্যাপক জি এম চৌধুরী। সাদা দলের অধ্যাপক মামুন আহমেদ যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে সাদা দল থেকে নির্বাচিতরা হলেন, অধ্যাপক আবু আহমেদ (৫৯৭ ভোট), অধ্যাপক সাইয়াদ সালেহীন কাদেরী (৫২৬ ভোট), অধ্যাপক সুকমল বড়ুয়া (৫২৫ ভোট) ও অধ্যাপক শাহজাহান মিয়া (৫২৮ ভোট)।
শিক্ষক সমিতির সাবেক সভাপতি নীল দলের অধ্যাপক আ আ ম স আরেফীন সিদ্দিক ৫৮১ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হন। এছাড়া নীল দল থেকে সদস্য হিসাবে অধ্যাপক আর আই এম আমিনুর রশিদ (৫৬৩ ভোট), অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান (৫৬৯ ভোট), অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ (৫৩৮ ভোট) ও অধ্যাপক ড. মো. সৈয়দ মঞ্জুরুল ইসলাম (৫৬১ ভোট) নির্বাচিত হয়েছেন।
সাদা দলের অধ্যাপক ওবায়দুল ইসলাম ও নীল দলের অধ্যাপক সাদেকা হালিম যুগ্মভাবে ৫২৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। পরে টসের মাধ্যমে ওবায়দুল ইসলামকে প্রথম ছয় মাস ও সাদেকা হালিমকে পরের ছয় মাস সদস্য নির্বাচিত করা হয়।
